মুখপোড়া সেই হনুমানটি এবার লোকালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে মুখপোড়া হনুমানের প্রথম দেখা পাওয়ার এক সপ্তাহের মাথায় এবার লোকালয়ে প্রথম দেখা মিলল আরেক দল মুখপোড়া হনুমানের। জাতীয় উদ্যান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার ফতেহপুরের শিকারখাঁ গ্রামের বিভিন্ন বাড়ির গাছাগাছালিতে মুখপোড়া হনুমানের তিনটি দল গত শুক্রবার থেকে অবস্থান করছে।লোকালয়ে মুখপোড়া হনুমান দেখে গ্রামবাসী ভয়ে বন বিভাগকে খবর দেয়। গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন কর্মকর্তারা বসতি এলাকা পরিদর্শন করেছেন। বন কর্মকর্তারা বন্দুক তাক করেও হনুমানগুলোকে বনে ফেরাতে পারেননি। গত মঙ্গলবার সকালে সরেজমিনে শিকারখাঁ গ্রামে গিয়ে মুখপোড়া হনুমানদের বাড়ির গাছাগাছালি চষে বেড়াতে দেখা গেছে। ওই গ্রামের বাসিন্দা ফারুক আহমদ জানান, তাঁদের গ্রামের একদিকে চা-বাগান এবং অন্যদিকে হাওর। চা-বাগানের বন থেকে বানরসহ নানা রকম বন্য প্রাণী লোকালয়ে এলে গ্রামবাসী ফের বনে ফিরিয়ে দেয়। লোকালয়ে এবারই প্রথম মুখপোড়া হনুমান দেখে চাঞ্চল্য দেখা দেয়। ফারুক আরও জানান, তিনটি দলে ১৭টি হনুমান তাঁরা দেখেছেন। এগুলোর নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। শিকারখাঁ গ্রাম পরিদর্শনকারী বন বিভাগ সিলেট উত্তর রেঞ্জের ডেপুটি রেঞ্জার জহিরুল হক জানান, তাঁর কাছে মনে হয়েছে অপ্রাপ্ত বয়স্ক হনুমানগুলো দলছুট হয়ে এসেছে। সিলেট বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষক মাহবুবুর রহমান বলেন, মুখপোড়া হনুমান সাধারণত লোকালয় এড়িয়ে চলে। বসবাসে কোনো হুমকি বা ঝুঁকির সৃষ্টি হলে অথবা খাদ্যসংকটে পড়লে লোকালয়ে গিয়ে আবার ফিরেও যায়। কিন্তু প্রাণীগুলো না ফেরায় ধারণা করা হচ্ছে, এরা পথ হারিয়েছে। এ ক্ষেত্রে এদের পর্যবেক্ষণের মধ্যে রেখে বনে ফেরানোর চেষ্টা করা হবে।প্রসঙ্গত, সিলেট শহরতলির খাদিমনগর জাতীয় উদ্যানে গত ২৫ সেপ্টেম্বর মুখপোড়া হনুমানের প্রথম দেখা মিলেছিল।