মুখপোড়া হনুমান উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ থেকে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ হনুমান উদ্ধার করেছে বন অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শুক্রবার বেলা তিনটার দিকে পাকেরদহ ইউনিয়নের কুয়ালিকান্দি গ্রাম থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
ঢাকার বন সংরক্ষক ও পরিচালক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১২ দিন আগে যশোরের কেশবপুর থেকে কলার ট্রাকে করে মুখপোড়া এই পুরুষ হনুমানটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকেরদহ ইউনিয়নের কুয়ালিকান্দি গ্রামে আসে। দুই দিন পর ওই গ্রামের মঞ্জুর আলী হনুমানটিকে ধরে শেকল দিয়ে বেঁধে তাঁর বাড়িতে আটকে রাখেন। পরে একই এলাকার আবুল কালাম আজাদ এ বিষয়ে বন অধিদপ্তরকে খবর দেয়। আজ ঢাকার বন সংরক্ষক ও পরিচালক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে হনুমানটি উদ্ধার করে।
এ ব্যাপারে মঞ্জুর আলী বলেন, শিশু ও মানুষের হাত থেকে রক্ষা করার জন্য মুখপোড়া হনুমানটিকে শেকলে বেঁধে রাখা হয়। আজ বন অধিদপ্তরের লোকজন হনুমানটি নিয়ে গেছে।
পাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তওফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধি দল হনুমানটিকে উদ্ধার করে নিয়ে গেছে।
ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. জাহিদুল কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মুখপোড়া পুরুষ হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। হনুমানটিকে এখন যশোরের কেশবপুরে অবমুক্ত করা হবে।