মুখরিত ধানমন্ডি মাঠ
১৫ সদস্যের খুদে ফুটবল খেলোয়াড়ের দলটির নাম ছিল ক্যাভেলিয়ার্স। গড়ে উঠেছিল রাজধানীর ধানমন্ডি মাঠ ঘিরে, বছর তিনেক আগে। সবাই স্কুলের ছাত্র। ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোডের বাসিন্দা। নিজেরা টাকা জমিয়ে খেলার পোশাক, জুতা কিনেছিল। বিভিন্ন প্রতিযোগিতায় খেলাও শুরু করেছিল। কিন্তু বছর খানেক যেতে না যেতেই মাঠে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল তাদের। বন্ধ হয়ে গেল খেলা।
ক্যাভেলিয়ার্সের সদস্য ‘ও’ লেভেলের ছাত্র ফাতিম সাইদ বলল, ‘ধানমন্ডি মাঠে খেলা বন্ধ হওয়ার পর মনটাই ভেঙে গিয়েছিল। সরকারি কোয়ার্টারে খেলতে গেলে আশপাশের লোকজন চিল্লাচিল্লি করত। অন্য মাঠে গেলে বের করে দিত।’
ধানমন্ডি মাঠ উন্মুক্ত হওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে মাঠে জড়ো হয় ফাতিমসহ চার খুদে ফুটবলার। তারা নতুন করে ‘দল গোছানোর’ পরামর্শ করছিল। তাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। স্কুলের দশম শ্রেণির ছাত্র আল ফারিম জানাল, মাঠে ঢোকা বন্ধ হওয়ার পর তাদের বিকেল কাটত ফেসবুক নিয়ে।
শুধু ফারিমরাই নয়, ধানমন্ডি মাঠে গতকাল শত শত মানুষের ভিড় ছিল। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেট খেলছিল। এদের মধ্যে কিশোর-তরুণেরাই ছিল বেশি। তবে মাঠের পশ্চিম প্রান্তে দেখা গেল ভিন্ন চিত্র। দুই দলে ভাগ হয়ে যাঁরা ফুটবল খেলছিলেন, তাঁরা সবাই পেশাজীবী। সন্ধ্যা হয়ে এলেও খেলা বন্ধ হচ্ছিল না তাঁদের। তাঁদের একজন মো. সোহেল বলছিলেন, ছুটির দিনে খেলার পুরোনো দিন ফিরে আসায় তাঁরা বেশ খুশি।
কৈশোরে এই মাঠে খেলে বড় হয়েছেন তানভীর। আড়াই বছরের মেয়ে প্রীতিকার সঙ্গে ছোট একটি ফুটবল নিয়ে খেলছিলেন। বললেন, পুরো এলাকায় ফাঁকা জায়গা বলতে এই মাঠ। এটা বন্ধ করে দেওয়া ছিল বড় অন্যায়।
দুই বছর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ মাঠটিতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। এরপর গত মার্চে মাঠের একটি অংশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থপনায় ওই ক্লাবের জন্য দুটি ব্যাডমিন্টন, দুটি টেনিস ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণের কাজ শুরু হয়। নাগরিক আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেয়।
গতকাল সেখানে দেড় বছরের ছেলে সাফি আর স্ত্রীকে নিয়ে আসেন ধানমন্ডি ৩ নম্বরের বাসিন্দা মো. রাইয়ান। তিনি মাঠটি সবার জন্য খুলে দেওয়ায় নাগরিক আন্দোলনের প্রশংসা করে বলেন, সম্মিলিত চেষ্টা যে ব্যর্থ হয় না, এটাই তার প্রমাণ।
নার্সারিপড়ুয়া ছেলেকে নিয়ে বেড়াতে আসা আশরাফুল হক বলেন, নির্দিষ্ট ক্লাবের জন্য যেভাবে স্থাপনা তৈরি শুরু হয়েছে, তাতে সফল হলে মাঠে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ হয়ে যেত।
মাঠটি মুক্ত করার জন্য যাঁরা আন্দোলন করছেন, তাঁদেরও দাবি, ধানমন্ডিবাসীর মাঠে একটি ক্লাবের জন্য এসব নির্মাণ বন্ধ হোক। তবে নির্মাণ বন্ধ করতে সরকারি কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। গতকালও নির্মাণকাজ চলতে দেখা গেছে।
মামলা প্রত্যাহারের দাবি: ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন, গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির প্রমুখ বক্তব্য দেন। তাঁরা মাঠ ব্যবস্থাপনায় সামাজিক আন্দোলন ও এলাকাবাসীকে সম্পৃক্ত করে সিটি করপোরেশনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠন, সব নির্মাণকাজ বন্ধ এবং নতুন-পুরোনো সব স্থাপনা অপসারণের দাবি জানান।
প্রসঙ্গত, মাঠ মুক্ত করার আন্দোলনকারীদের বিরুদ্ধে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ ১৮ এপ্রিল থানায় মামলা করে।