মুখরিত রাখাইনপল্লি
ঈদ ও শীত মৌসুমকে সামনে রেখে বরগুনার বঙ্গোপসাগর তীরের তালতলী থানার আদিবাসী রাখাইনপল্লিতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এ পল্লিতে বড় বড় কুপি জ্বেলে গভীর রাত পর্যন্ত চলে তাঁতে কাপড় বোনার কাজ। সামনে ঈদুল আজহা ও শীতের মৌসুম। তাই পুরোনো পড়ে থাকা তাঁতগুলোর খটখট শব্দে পল্লিগুলো মুখর হয়ে উঠেছে। দিন-রাত এখন যেন সমান হয়ে গেছে। বিশেষ করে রাখাইন নারীদের রাতে ঘুম নেই। খোঁজ নিয়ে জানা গেছে, রংবেরঙের কাপড় বুনে সেগুলো দেশের বিভিন্ন স্থানের বাজারে পাঠানো থেকে শুরু করে সব কাজই করতে হচ্ছে রাখাইন নারীদের। এখানকার তৈরি কাপড় যাচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি আর কুয়াকাটার বাজারে। ঈদুল আজহা ও শীত মৌসুমে পর্যটকেরা কুয়াকাটা, রাঙামাটি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে যাবেন। পর্যটকদের চাহিদা অনুযায়ী তাই এসব এলাকার ব্যবসায়ীরা আগেভাগেই আদিবাসী রাখাইনদের হস্তচালিত তাঁতে বোনা বাহারি রঙের এসব কাপড় যেমন থামি, লুঙ্গি, শার্টপিস, ফতুয়া, শাড়ি, গামছা, বিছানার চাদর, থ্রিপিস ও হাতব্যাগ সংগ্রহ করছেন। আর এতেই বেড়ে গেছে রাখাইনপল্লির মানুষের ব্যস্ততা। রাখাইন সমাজকল্যাণ সংস্থার বরগুনা জেলা শাখার সদস্য সচিব খে মংলা জানান, তালতলী পাড়া, ছাতনপাড়া, মনুখেপাড়া, আগাঠাকুরপাড়া, সওদাগরপাড়া, তালুকদারপাড়া, কবিরাজপাড়া, তাঁতিপাড়া, লাউপাড়া, অংকুজানপাড়া ও বরগুনা সদরের বালিয়াতলী এই ১৩টি রাখাইনপল্লিতে বর্তমানে প্রায় ৩০০ হস্তচালিত তাঁত রয়েছে। সরেজমিনে দেখা গেছে, এসব পল্লিতে নারীরা কাপড় বোনার কাজে মহা ব্যস্ত। অনেকে তাঁতঘর ছেড়ে বাড়ির আঙিনায় তাঁত বসিয়ে কাজ করছেন। ধুলোবালি, অন্ধকার আর মাকড়সার জঞ্জালে আচ্ছন্ন তাঁতঘরগুলো এখন অনেক পরিপাটি ও পরিচ্ছন্ন। তালুকদারপাড়া রাখাইনপল্লির গৃহিণী মাচেজেন বলেন, ‘কাপড়ে ছয় থেকে আট ধরনের রং আমরা ব্যবহার করি। এসব রং প্রকৃতি থেকে নেওয়া। যেমন সুতায় বিভিন্ন রং করতে আমরা শাল, বকুলসহ বিভিন্ন গাছের পাতা ও বাকল ব্যবহার করি। এতে কাপড়ের রং খুব টেকসই হওয়ার পাশাপাশি বাজারের অন্য যেকোনো কাপড়ের সঙ্গে আমাদের কাপড়ের রঙের ভিন্নতা থাকে। সম্প্রতি হস্তশিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এই শিল্প কিছুটা সতেজ হয়ে উঠেছে। তবে সুতার মূল্য বৃদ্ধি আর পুঁজির অভাব আমাদের মেরুদণ্ড সোজা করতে দিচ্ছে না।’ একই ধরনের কথা বলেন আগাঠাকুরপাড়ার গৃহিণী তেনতেন রাখাইন, মাতব্বর বাবু উসিত মংসহ কয়েকজন।কুয়াকাটার পাইকারি কাপড়ব্যবসায়ী অংচান রাখাইন বলেন, ‘কুয়াকাটা ও কক্সবাজারে পর্যটকদের কাছে এখন এসব পণ্যের খুব চাহিদা। তাই এখান থেকে কাপড় ও অন্যান্য পণ্য নিয়ে সেখানে পাঠাই।’ পাইকারি কাপড় ও সুতাব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘তাঁতগুলোতে সুতা সরবরাহ করি এবং এসব তাঁতে বোনা পণ্য ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করি। সামনে ঈদ ও শীত মৌসুম, তাই বাজারে এসব পণ্যের চাহিদা অনেক বেড়েছে। এখন তাঁতিদের চাহিদানুযায়ী সুতা সরবরাহ করতে পারছি না।’