মুখরোচক খাবারে ভোট টানার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট টানতে শেষ মুহূর্তেও চেষ্টার কমতি ছিল না। বুথফেরত ভোটারদের জন্য কোথাও জিলাপি, পুরি, আবার কোথাও মুড়ি, বাদামভাজার আয়োজন ছিল।
গ্রামবাসী বলেন, যেকোনো নির্বাচনেই প্রার্থীরা আর সব খরচের সঙ্গে ভোট গ্রহণের দিন নাশতা বা মুখরোচক খাবারের খরচটিও ধরে রাখেন। এমনকি মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এই খরচে কার্পণ্য করেন না।
উপজেলার দামগাড়া গ্রামের প্রবীণ ভোটার মোসলেম হোসেন (৭০) বলেন, ভোটকেন্দ্রে মিষ্টিমুখ করানোর এই রেওয়াজ এ-প্রার্থী, ও-প্রার্থী বলে আলাদা কিছু নেই। প্রার্থীরা নিজেদের সাধ্যমতো ব্যবস্থা করেন। ভোটকেন্দ্রের আশপাশে কোনো এক জায়গায় খাবার সাজিয়ে রাখা হয়। আবার দোকানির সঙ্গে চুক্তিও থাকে। স্লিপ দিলে দোকানিই খাবার সরবরাহ করেন। ভোটকেন্দ্রে আসার পর বা ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইচ্ছুক প্রত্যেককেই জিলাপি, পুরি, বাদামভাজা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ভোটারদের মধ্যে খাবার বিতরণ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তবে কেউ এ ধরনের অভিযোগ করেনি।