শিক্ষানীতি পর্যালোচনা সভায় বক্তারা বলেছেন, কেবল উপার্জনক্ষম ব্যক্তি তৈরি নয়, একজন পরিপূর্ণ মানুষ তৈরি করাই হওয়া উচিত শিক্ষানীতির লক্ষ্য। এ জন্য কারিগরি শিক্ষা, পেশাদারি, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব শিক্ষকদের। বইয়ে লেখা কোনো বাক্য মুখস্থ করে নৈতিক শিক্ষা অর্জন করা যাবে না।চট্টগ্রাম প্রেসক্লাবে গত শুক্রবার ‘প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি-২০০৯: সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সভায় বক্তারা এ কথা বলেন। ন্যাশনাল ডায়ালগ ফাউন্ডেশন (এনডিএফ) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আনোয়ার, প্রক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আনিসুজ্জামান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আবুল বাশার। সভাপতিত্ব করেন এনডিএফের চেয়ারম্যান কাজী ছানোয়ার আহমেদ।উপাচার্য আবু ইউসুফ বলেন, শিক্ষানীতিতে নৈতিকতার কথা থাকলেই হবে না। আগে শিক্ষকদের নীতিমান হতে হবে। শিক্ষকেরা গাইডবই মুখস্থ করে পরীক্ষার খাতা দেখেন। এটা নৈতিকতা নয়। তিনি আরও বলেন, যেকোনো শিক্ষানীতি হচ্ছে সামগ্রিক শিক্ষার একটি ভিত্তি। এখানে সংযোজন ও সংশোধনের সুযোগ আছে। তবে সবার আগে সেটি বাস্তবায়ন শুরু করা উচিত।