মুখে কলম ধরে পরীক্ষা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত দুটিতে জোর নেই মোটেও। মুখে কলম ধরতে হয়েছে ছোটকাল থেকেই। সেই থেকে তার কঠিন পথচলা শুরু। সে পথচলায় সফল হয়েছে লালমনিরহাটের পাটগ্রামের ফেরদৌস আলম। উপজেলার কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৩.৫০ পেয়েছে।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী গ্রামের সাহাবুদ্দিন-ফিরোজা দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ফেরদৌস আলম। স্থানীয় ইউনিয়ন পরিষদে পিয়নের চাকরি করেন সাহাবুদ্দিন। ফেরদৌস আলমের মা বলেন, ‘হাত দুটি দিয়ে কোনো কাজ করতে পারে না সে। শুধু ডান হাতের বুড়ো আঙুলে এক-আধটু শক্তি আছে। ওই হাত দিয়ে তো দূরের কথা, চামচ দিয়ে খেতেও তার কষ্ট হয়।’ ফেরদৌস বলে, ‘বই-খাতা নিয়ে স্কুলে যেতে সমস্যা হতো, সমস্যা হতো বইয়ের পাতা ওল্টাতেও। এর পরও সেই কষ্টকে ছাপিয়ে দৃঢ় মনোবল নিয়ে প্রথম শ্রেণী থেকে এসএসসি পাস করেছি। ভালোভাবে পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে পরিবারের অভাব দূর করব।’