মুখে কালি মেখে মাথায় রং ঢেলে শিক্ষককে অপমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ওরফে স্বপনকে পিটিয়ে মুখে কালি মেখে ও মাথায় রং ঢেলে দেওয়া হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটলেও ওই শিক্ষক লজ্জা ও ভয়ে পুলিশের কাছে অভিযোগ করেননি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নশাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সমর্থক নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌকিদারের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইমরান চৌকিদার সম্পর্কে দেলোয়ার হোসেনের ভাগনে।
নাম প্রকাশ না করার শর্তে কমপক্ষে আটজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদের ভাই নুরুল আমীন রতন নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ শওকত আলীর সঙ্গে দেলোয়ার হোসেনের বিরোধ দেখা দেয়। আর সুলতান মাহমুদদের পরিবার শওকত আলীর পক্ষে অবস্থান নেয়। এর পর থেকে পরিবারটির সঙ্গেও দেলোয়ার তালুকদারের দ্বন্দ্ব শুরু হয়। গত ১৯ মার্চ দেলোয়ারের সমর্থকেরা সুলতান মাহমুদের বাড়িতে হামলা করে তাঁর বৃদ্ধ মা নূরজাহান বেগমকে মারধর করে এবং তিনটি গবাদিপশু নিয়ে যায়। তখন পরিবারের পক্ষ থেকে নড়িয়া থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
গত শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শিক্ষক সুলতান মাহমুদ ব্যক্তিগত কাজে নশাসন ইউনিয়নের ডিগ্রি বাজারে যান। তখন দেলোয়ারের ভাগনে ইমরান চৌকিদার পাঁচ-ছয়জন যুবককে নিয়ে শিক্ষককে মারধর করেন। একপর্যায়ে জোরপূর্বক শিক্ষকের শার্ট খুলে শরীর ও মুখে কালি মেখে দেন। পরে মাথায় রং ঢেলে দিয়ে বাজার থেকে তাড়িয়ে দেন।
জানতে চাইলে ইমরান চৌকিদার বলেন, ‘এমন কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। কারা ঘটিয়েছে তা-ও আমি জানি না। তবে উপজেলা নির্বাচনে হার-জিত নিয়ে এলাকার ছেলেরা রং দিতে পারে এমন একটি খবর শুনতে পেয়েছি। যদি দিয়েও থাকে তা নিয়ে ওই শিক্ষকের আপনাদের (সাংবাদিক) কাছে অভিযোগ করা ঠিক হয়নি। এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দিতে পারতেন।’
নাম প্রকশে অনিচ্ছুক ডিগ্রি বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘একজন সম্মানিত শিক্ষককে চোখের সামনে লাঞ্ছিত করেছে ইমরান চৌকিদার। ভয়ে কিছুই বলতে পারিনি। তারা খুব প্রভাবশালী। প্রতিবাদ করলে এমন আচরণ আমাদের সঙ্গেও করা হতো।’
দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘শুক্রবার আমি এলাকায় ছিলাম না। তাই কী ঘটেছে জানি না। বন্ধুবান্ধবরা দুষ্টুমি করে রং দিতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দোষীদের বিচার করা হবে।’
শিক্ষক সুলতান মাহমুদ বলেন, ‘তারা এমন অমানবিকভাবে অপমান করবে ভাবতে পারিনি। তাদের ভয়ে ও লজ্জায় ঘটনাটি থানায় জানাতে পারিনি।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’