মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাবে ডিইউজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, তথ্যমন্ত্রীর অপসারণ ও অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ২০ আগস্ট রোববার মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তথ্যমন্ত্রী নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করে সাংবাদিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। যতক্ষণ না সাংবাদিকদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি কে এম শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিঞা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।