নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে গেলে গণতন্ত্রও ভেঙে যাবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও ওয়েজ বোর্ড গঠনে বিলম্ব করে সাংবাদিকদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে। এটা মোটেও শুভকর হবে না।
কর্মসূচিতে সাংবাদিক নেতারা বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ছাঁটাই বন্ধ ও গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন-ভাতা প্রদান করার দাবি জানান। তাঁরা অবিলম্বে সংবাদপত্রসহ ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।
গতকালের কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বর্তমান যুগ্ম মহাসচিব অমিয় ঘটক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ বক্তব্য দেন।