
কালো কাপড়ে মুখ বাঁধা। কণ্ঠে কোনো আওয়াজ নেই। কিন্তু চোখে প্রতিবাদের ভাষা। কারও হাতে প্রতিবাদের পোস্টার, কেউ ধরে আছেন ব্যানার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনের চিত্র এটি। গতকাল সোমবার উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গতকাল এ কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। এতে বক্তারা হামলার ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, সাঁওতালদের ক্ষতিপূরণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক টুনু পাহান, নাচোল শাখার সভাপতি বিধান চন্দ্র সিং ও সাংগঠনিক সম্পাদক নরেশ হাঁসদা, ইলা মিত্র সংসদের সাধারণ সম্পাদক বদন হেমব্রম, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, জেলা সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক প্রমুখ।
বগুড়া: শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি যোগেশ চন্দ্র সিং সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আবদুল রাজ্জাক, বেলাল আহমেদ, মাহফুজুল হক, নজরুল ইসলাম, শিপন রবিদাস, প্রাণকৃষ্ণ, দিলীপ কুমার দেব, গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন প্রমুখ।
নওগাঁ: শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুর, উপদেষ্টা আতাউল হক সিদ্দিকী, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন, সিপিবির জেলা সভাপতি আইনজীবী মোহসিন রেজা, আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, জাসদের জেলা সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।
গাইবান্ধা: ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। বক্তব্য দেন রংপুর বিভাগীয় আদিবাসী ফেডারেশনের সভাপতি নরেন বাস্কে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান, উদীচীর জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, বেসরকারি সংস্থা জন-উদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সভাপতি লাসেন খান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক রেবতী বর্মণ প্রমুখ।
রংপুর: বেলা সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের রংপুর জেলা সভাপতি আইনজীবী মনিলাল দাস।
ঠাকুরগাঁও: দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জাতীয় আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও শাখার উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সাংবাদিক মনসুর আলী, যুবমৈত্রীর নেতা মো. রফিক প্রমুখ বক্তব্য দেন। এর আগে শহরের আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দিনাজপুর: সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন এ শাখার সভাপতি শীতল মার্ডি। এতে আদিবাসীদের রক্ষায় সরকার ও দেশবাসীর কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন শেষে বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
বিরামপুর (দিনাজপুর): জেলার ঘোড়াঘাটে গতকাল সকালে মানববন্ধন হয়। ঘোড়াঘাট আদিবাসী জনগোষ্ঠীর মুখপাত্র মুক্ত গ্রেগরি বেসরার পরিচালনায় এতে বক্তব্য দেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ঘোড়াঘাট উপজেলা সহসভাপতি মাতিয়াস মার্ডি, আদিবাসী পরিষদের নেতা ইন্দুমোহন মার্ডি, সাবেক ইউপি সদস্য সরলা হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের নেতা মাইকেল মার্ডি প্রমুখ।