মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, রিপোটার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু, প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আরাফাত এই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত সোমবার বাস ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিক আরাফাত রহমানকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় আরাফাত রহমান বাদী হয়ে মতিহার থানায় চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে বাস ভাঙচুর করায় এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ওই ছাত্রলীগ নেতাদের নামে আরেকটি মামলা করেন ক্ষতিগ্রস্ত দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার মানিক হোসেন।