মুখে ক্যানসারের কারণ পান খাওয়ার উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি হাসপাতাল ও বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, পান খাওয়ার উপকরণ অর্থাৎ পান, সাদাপাতা, জর্দা, চুন, সুপারি, গুল সেবন ও ধূমপান মুখের ক্যানসারের মূল কারণ। দেশে প্রতিবছর প্রায় এক লাখ মানুষ মুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছে। একটু সচেতন হলেই এই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।গতকাল শুক্রবার ‘ওরাল ক্যানসার প্রতিরোধে সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। বাংলাদেশ ওরাল ক্যানসার সোসাইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনারের আয়োজন করে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদা আখতার মূল উপস্থাপনায় বলেন, চিকিৎসকের স্বল্পতা ও পর্যাপ্ত সেবাব্যবস্থা না থাকায় মুখের ক্যানসারে (মুখের ভেতরে, জিহবা, মাড়ি, তালু, ঠোঁট) আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই মারা যায়। শুধু সাদাপাতা, জর্দা, গুল ছেড়ে দিলেই ৪০ শতাংশ মুখের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।মাহমুদা আখতার বলেন, মুখে দীর্ঘদিন ধরে ব্যথামুক্ত ঘা, ঘায়ের চারপাশ শক্ত হওয়া এবং ঝাল-জাতীয় খাবারে যন্ত্রণা অনুভূত না হলে তা মুখের ক্যানসারের লক্ষণ। মুখের কোনো ঘা তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা বলেন, দেশে রোগের প্রাদুর্ভাবের তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম। আরেক বিশেষজ্ঞ চিকিৎসক এহতেশাম উল হক বলেন, দরিদ্র মানুষের মুখের ক্যানসার বেশি হয়। আক্রান্ত মানুষ যন্ত্রণায় নিজের মৃত্যু কামনা করে। আয়োজকেরা বলেন, সাদাপাতা, জর্দা, গুলের ওপর কর আরোপ করলে এগুলোর ব্যবহার কমবে।প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, তামাকবিরোধী আন্দোলনের মতো পান, সাদাপাতা, চুন, জর্দা ও গুলবিরোধী আন্দোলনের সূচনা করলে মানুষের সচেতনতা বাড়বে। তিনি গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে বিকল্প মাধ্যম ব্যবহারের কথা বলেন। দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের ব্যবহার করা যেতে পারে। হাসপাতালে মুখের ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করারও প্রস্তাব করেন তিনি।অনুষ্ঠানটি সঞ্চালন করেন ওরাল ক্যানসার সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াৎ হোসেন।