
কুঁড়ি ফুটে চা-পাতা গজিয়ে লকলক করছে। কিন্তু চা-পাতা চয়ন (উত্তোলন) হচ্ছে না। বাগানের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রবীণ নারী চা-শ্রমিক সাবিত্রী মুড়া। পথচলতিতে চা-পাতায় হাত বোলান তিনি। প্রায় দুই মাস হতে চলেছে চা-পাতায় হাত পড়ে না তাঁর। বুকের আর্তনাদ ছাপিয়ে প্রতিবাদ শোনা গেল তাঁর কণ্ঠে। সাবিত্রী বলেন, ‘হাজড়ি (মজুরি) বাইড়বেক (বাড়বে) তো, তাই আমরা চা-পাতি তুলি না। হাত গুটাইয়া আছি!’
সিলেটের কালাগুল চা-বাগানে কর্মরত চা-শ্রমিকদের মজুরি ৬০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করাসহ ১০ দফা দাবিতে গত ১ জুলাই থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অনুসংগঠন চা শ্রমিক সংঘ ধর্মঘট আহ্বান করে। চা-বাগানে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিক আছেন প্রায় দুই হাজার। সাবিত্রী মুড়ার মতো দেড় হাজার চা-শ্রমিক ধর্মঘট পালন করছেন। গত ৩১ আগস্ট তাঁদের ধর্মঘটের দুই মাস পূর্ণ হয়েছে।
টানা ধর্মঘট পালন করতে গিয়ে চা-শ্রমিক পরিবারগুলোর অধিকাংশই বিকল্প পেশায় সংসার চালাচ্ছেন। কেউ লাকড়ি কুড়িয়ে বিক্রি করছেন। কেউ বা মজুরি খাটছেন অন্যত্র। সব পরিবারে চলছে আর্থিক টানাপোড়েন। তবু তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যেতে অনড়।
কালাগুল চা-বাগানের অবস্থান সিলেট সদর ও গোয়াইনঘাট উপজেলার মাঝামাঝি। আশপাশে রয়েছে আরও চারটি চা-বাগান। চা-বাগান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র জানায়, চা শ্রমিক সংঘ নামের সংগঠনটির সাংগঠনিক অবস্থা শুধু কালাগুল চা-বাগানেই বেশি। বাকি তিনটি বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রিত। কালাগুল চা-বাগানে ধর্মঘট করে মজুরি বাড়ালে এর প্রতিক্রিয়া অন্য বাগানগুলোয় পড়তে পারে, এ আশঙ্কায় কালাগুল বাগান কর্তৃপক্ষ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
চা-শ্রমিকেরা জানান, তাঁদের ধর্মঘট দমাতে মালিকপক্ষ নানা কৌশল করছে। বাগান কর্তৃপক্ষ বহিরাগত চা-শ্রমিক দিয়ে ধর্মঘটবিরোধী বিক্ষোভ করাচ্ছে। ধরপাকড় করাচ্ছে। তবু ধর্মঘট থেকে বিরত রাখা যায়নি তাঁদের। এখন অনেকটা হাল ছেড়ে দিয়ে কর্তৃপক্ষ ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার আশ্রয় নিয়ে রাজনৈতিকভাবে সমাধানের নামে পরিস্থিতি দীর্ঘায়িত করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ আগস্ট ধর্মঘটী শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি মিটমাট করতে বাগান কর্তৃপক্ষ আওয়ামী লীগের দুই নেতাকে দায়িত্ব দেয়। তাঁরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ।
কালাগুল চা-বাগানের মহাব্যবস্থাপক সবুর খান জানান, চা শ্রমিক সংঘের নেতারা বাগানের সাধারণ শ্রমিকদের জিম্মি করে ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে গত প্রায় দুই মাসে বাগানের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটে ২২টি চা-বাগান আছে। আমি এককভাবে বাড়ালে তো হবে না। অন্যদের কথাও বিবেচনায় রাখতে হবে। এ জন্য রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ধর্মঘটী শ্রমিকদের ‘জিম্মিকারী’ ও ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘সারা দেশে ২৬৮টি চা-বাগান যেভাবে চলছে, সেভাবে এটিও চলবে। তাঁরা (চা-শ্রমিক) বাগান জিম্মি করে রেখেছে। সন্ত্রাসী তৎপরতা করছে। মগের মুল্লুক পেয়েছে নাকি? আগে কাজে যোগদান, পরে আলোচনা—এ ছাড়া আমাদের আর কোনো কথা নাই।’
সমঝোতার নামে আওয়ামী লীগের নেতাদের আর চা-বাগানের মালিকপক্ষের কথা একই রকম জানিয়ে ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক ছাদেক মিয়া বলেন, ‘আন্দোলন সব বাগানে হয় না। একটি বাগান থেকে আন্দোলন হয়, পরে তা সব বাগানে ছড়ায়। আমরা ২০০৮ সালে এই বাগান থেকে ৪৮ টাকা মজুরি আন্দোলনের মাধ্যমে ৬০ টাকায় নিয়েছিলাম। পরে সিলেটের ২২টি বাগানে তা প্রতিষ্ঠা পায়। এবারকার দীর্ঘ ধর্মঘটে ১০ দফার দাবির মধ্যে অন্তত মজুরি বৃদ্ধির দাবি কাজে যোগ দেওয়ার আগে না মানা হলে প্রয়োজনে ২২টি বাগানে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।’