মুখে বিষাক্ত পদার্থ ঢেলে গৃহবধূকে খুনের অভিযোগ
নিজের পছন্দেই বিয়ে। তাই স্বজনদের কাছে কখনোই বলতে পারেননি স্বামীর অকথ্য নির্যাতনের কথা। শেষ পর্যন্ত স্বজনেরা যখন জানতে পারলেন, তখন চেষ্টা করেও বাঁচাতে পারলেন না হাসিনা ইয়াসমিন হাসিকে (৩২)।স্বজনদের অভিযোগ, শুধু টাকার জন্য হাসিনার স্বামী শফিকুল ইসলাম স্বাধীন মারধরের পর তাঁর মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছিলেন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার ভোরে মৃত্যু হয় হাসিনার। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা হয়েছে।হাসিনার ফুফা মাহাবুবুল আলম জানান, ১৪ মাস আগে হাসিনা নিজের পছন্দে পারিবারিকভাবে শফিকুলকে বিয়ে করেন। শফিকুল এসিআই টয়লেট্রিজের বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আর হাসিনা একসঙ্গে দুটো বেসরকারি হাসপাতালে সকাল-বিকেল কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। শুক্রাবাদের তল্লাবাগে একটি বাসায় ভাড়া থাকতেন দুজন। পরিবারের সবাই জানত তাঁরা ভালো আছেন। কিন্তু ভুল ভাঙলো ২৩ মার্চ। ২২ মার্চ গভীর রাতে হাসিনাকে মারধর করে মুখে বিষাক্ত তরল ঢেলে দেন শফিকুল। এরপর তিনি অজ্ঞান হয়ে গেলে পরদিন ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শফিকুল। এরপর আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়। ওই দিন বিকেলেই সামান্য জ্ঞান ফেরে হাসিনার। সে সময় পাশে বসে থাকা মা, চাচাসহ অন্য স্বজনদের সামনে হাসিনা খুলে বলেন নিজের কষ্টের কাহিনি। হাসিনার স্বজনেরা জানান, ২৩ মার্চ বিকেলে হাসিনা সবকিছু বলার পর থেকেই লাপাত্তা হয়ে যান শফিকুল। এরপর থেকেই তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এতে সবার সন্দেহ, শফিকুল তাঁকে হত্যার উদ্দেশেই মারধরের পর মুখে বিষ ঢেলে দেন। কিন্তু মাঝখানে হাসিনার জ্ঞান ফিরে আসার পর তিনি সব কথা বলে দিলে ফেঁসে যাওয়ার ভয়ে পালিয়ে যান শফিকুল। এ ঘটনায় শফিকুলকে আসামি করে হাসিনার চাচা আবদুল খালেক মাস্টার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান জানান, হাসিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া শফিকুলকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।