মুখে বোল ফোটে যেখানে
প্রথমে মনে হচ্ছিল নিচু স্বরে সরগম চলছে। কিন্তু জায়গাটি যেহেতু হাসপাতাল, সরগমের ভাবনাটি মাথা থেকে সরে যেতে সময় লাগল না। অনুমতি নিয়ে কক্ষে ঢুকতেই দেখা গেল, ১২ বছরের এক কিশোরকে থেরাপি দেওয়া হচ্ছে। এর নাম ‘স্পিচ থেরাপি’। নানা কারণে যাদের কথা বলা বন্ধ হয়ে যায়, এই থেরাপির মাধ্যমে তাদের বাক্শক্তি ফিরিয়ে আনা হয়। এখানে থেরাপিও আছে কয়েক রকমের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত এই স্পিচ থেরাপি সেন্টার। এখানে যেসব শিশু দেরিতে কথা বলে, যাদের উচ্চারণে সমস্যা বা গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের থেরাপি দেওয়া হয়। স্ট্রোকের পর যাঁদের কথা বলা বন্ধ হয়ে যায়, তাঁদেরও চিকিৎসা দেওয়া হয় এই স্পিচ থেরাপি সেন্টারে। এ ছাড়া তোতলামোর জন্য থেরাপি দেওয়া হয়।
ঢাকায় থাকা কেশব দেবনাথের ছোট ভাই নিলয়ের ফোনাটনি গ্যাপ আছে। তার কণ্ঠস্বর পরিষ্কার নয়। নাক-কান-গলা ও শিশু বিশেষজ্ঞ দেখানোর পর স্পিচ থেরাপি দেওয়ার পরামর্শ আসে। দেড় মাস এই থেরাপি নিতে হবে। কেশব বলেন, স্পিচ থেরাপি সেন্টারের অনেক সুনাম শুনেছেন। তিনি আশা করছেন, এই থেরাপি নিলে পরিষ্কারভাবে কথা বলতে পারবে তাঁর ভাই।
অটিস্টিক শিশুদের কথা বলা নিয়েও কাজ করে এই সেন্টার। অনেক সময় দেখা যায়, ভোকাল কর্ডে সমস্যা না থাকলেও কেউ কেউ মানসিক কারণে কথা বলতে পারেন না। তাঁদের জন্য সাইকোথেরাপি দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে।
নোয়াখালী থেকে মেয়ে শিফা আক্তারকে নিয়ে এসেছেন মো. কামরুজ্জামান। আট বছরের শিফা স্পষ্ট করে কথা বলতে পারে না। এ কারণে সে স্কুলেও ভর্তি হতে পারছে না। মো. কামরুজ্জামান বলেন, নাক-কান ও গলার চিকিৎসক দেখানোর পর তাঁরই পরামর্শে থেরাপি সেন্টারে এসেছেন। এবার মেয়ের মুখে স্পষ্ট উচ্চারণে ‘বাবা’ ডাক শোনার আশায় আছেন তিনি।
২০০৪ সালে এই স্পিচ থেরাপি সেন্টার চালু হয়েছে। তখন একটি কক্ষে কাজ শুরু হয়েছিল। এখন মোট চারটি কক্ষে সেন্টারের কাজ চলছে। থেরাপির একেকটি সেশন গড়ে ৩০ থেকে ৪০ মিনিট চলে। থেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন চারজন। এসব থেরাপিস্ট সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে তাঁরা এ ব্যাপারে উচ্চতর প্রশিক্ষণও নিয়েছেন।
সেন্টারের স্পিচ থেরাপিস্ট মো. আনিসুজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক আকারে সরকারিভাবে আর কোনো হাসপাতালে এভাবে স্পিচ থেরাপির সেবা দেওয়া হয় না। শুধু বিএসএমএমইউতেই এই সেবা দেওয়া হচ্ছে। বেসরকারিভাবে কিছু জায়গায় স্পিচ থেরাপির সেবা দেওয়া হয়। তবে তা বিএসএমএমইউর মতো বিস্তৃত নয়।
থেরাপির সাফল্যের হার নিয়ে মো. আনিসুজ্জামান বলেন, এখানে প্রায় ৮০ শতাংশ রোগীর অবস্থার উন্নয়ন হয়। তবে থেরাপি দেওয়ার প্রক্রিয়ায় রোগী ও তাঁদের আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।
স্পিচ থেরাপি সেন্টারে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী সেবা নিতে আসেন। কোনো রোগীকে যদি তাঁর দেখভালকারী চিকিৎসক স্পিচ থেরাপি সেন্টারে চিকিৎসা নিতে সুপারিশ করেন, তবেই সেই রোগীকে থেরাপি দেওয়া হয়। সে ক্ষেত্রে বিএসএমএমইউতে নির্ধারিত টিকিট কেটে রোগীকে দেখাতে হয়। থেরাপি নেওয়ার সময় সেখানকার অন্যান্য ফিও পরিশোধ করতে হয়। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই সেন্টার খোলা থাকে।
বিএসএমএমইউর নাক-কান ও গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান তরফদার প্রথম আলোকে বলেন, স্পিচ থেরাপি সেন্টারের সাফল্যের হার খুব ভালো। এটিকে আরও সম্প্রসারিত করা প্রয়োজন। এত স্বল্প পরিসরে বেশি সেবা দেওয়া সম্ভব হয় না।
স্পিচ থেরাপি সেন্টারের বর্তমান কাজে খুশি ডা. কামরুল হাসান তরফদার। তিনি বলেন, ককলিয়ার ইমপ্লান্টের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর স্পিচ থেরাপিসংক্রান্ত সব সুযোগ-সুবিধা এই সেন্টারে চালু করার পরিকল্পনা রয়েছে।