মুখে ভাতের বদলে পিঠে লাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস বয়সী এক শিশুর মুখে ভাত দেওয়ার কথা ছিল। এ জন্য তার মা-বাবা অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন। দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জন্ম নেওয়ার পর প্রথম ভাত খেতে না পারলেও লাঠির আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয়েছে শিশুটিকে।এ ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেলবাড়িয়া গ্রামে গত শুক্রবার ঘটেছে। শিশুটির নাম দ্বীন ইসলাম। তার বাবা ওই গ্রামেরই বাসিন্দা টেম্পোচালক আকরাম কাজী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার আকরাম কাজী তাঁর বাড়িতে ছেলেকে প্রথম ভাত খাওয়ানোর জন্য ক্ষুদ্র পরিসরে অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে গ্রামের সবাইকে তিনি দাওয়াত দিতে পারেননি। দাওয়াত না দেওয়ার অভিযোগ তুলে আকরাম কাজীর বাড়িতে তাঁর চাচার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হামলা চালায়।এ সময় তারা আকরাম কাজীর ঘরবাড়ি তছনছ ও ওই শিশুসহ অন্যদের মারধর করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়।আকরাম কাজীর ভাই আহত শামাল কাজী জানান, দাওয়াত না দেওয়ায় দেলবাড়িয়া গ্রামের তোফা মাতুব্বরসহ কয়েকজনের নেতৃত্বে অনুষ্ঠানে হামলা চালানো হয়। এতে দ্বীন ইসলাম, তার বোন সুমাইয়া (৭), মা ময়না বেগমসহ আটজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল কুমার চক্রবর্তী বলেন, পাঁচ মাসের দ্বীন ইসলামের পিঠের বাঁ দিকে আঘাতের চিহ্ন রয়েছে।তোফা মাতুব্বর বলেন, ‘গ্রামের সকলকে নয়, আমরা আকরামের চাচা টুকু কাজীকে দাওয়াত দিতে বলেছিলাম। এ প্রস্তাব নিয়ে আকরামের বাড়িতে তাঁর চাচাতো ভাই শফি কাজী যান। কিন্তু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।