মুখে মুখে জোট, ভাইয়ের পক্ষে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন দলের পলাশ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল আশরাফ খান। দলীয় সভানেত্রীর নির্দেশে তিনি শেষ মুহূর্তে আসনটি জাসদ প্রার্থী ও জেলা শাখার সভাপতি জায়েদুল কবিরকে ছেড়ে দেন।
জায়েদুল দলীয় প্রতীক মশালের পরিবর্তে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন। প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে তিনি স্বতন্ত্র প্রার্থী ও আনোয়ারের ছোট ভাই কামরুল আশরাফ খানের কাছে পরাজিত হয়েছেন। বাংলাদেশ সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৮ হাজার ২৩৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী জায়েদুল পেয়েছেন ২৭ হাজার ১৭৪ ভোট।
স্থানীয় একাধিক ভোটার ও আনোয়ার আশরাফের সঙ্গে ঘনিষ্ঠ দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী ছিলেন আনোয়ার। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর গত পাঁচ বছর দলকে বেশ ভালোভাবে সংগঠিত করেন।
এবার নির্বাচনে আগে আনোয়ার বুঝতে পেরেছিলেন দল আসনটি জাসদের প্রার্থীর জন্য ছেড়ে দিতে পারে। তখন তাঁকে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হতে পারে।
এই আশঙ্কায় তিনি আগে থেকেই ছোট ভাই কামরুলকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়ে রাখেন। শেষমেশ আনোয়ারের আশঙ্কাই সত্যি হয়। দলের নির্দেশে ১৩ ডিসেম্বর বিকেলে (মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন) তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন।
আওয়ামী লীগের নেতারা জানান, আনোয়ারুল আশরাফ জোটের নেতা হিসেবে মুখে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানলেও মন থেকে গ্রহণ করতে পারেননি। তিনি বিভিন্ন সভা ও গণমাধ্যমকর্মীদের কাছে মহাজোটের প্রার্থীর পক্ষে নিজের অবস্থানের কথা জানালেও ভোট চেয়েছেন ছোট ভাই কামরুলের জন্য। তাঁকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল গাজী, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কারীউল্লাহ সরকারসহ দলীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী কামরুলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যাঁদের সমর্থন পাওয়ার কথা, উল্টো তাঁরা প্রতিপক্ষ হয়ে ওঠেন। এ কারণে বিপাকে পড়েন জায়েদুল।
জায়েদুল কবির বলেন, ‘আমার পরাজয়ের পেছনে উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছেন আনোয়ারুল আশরাফ। জোটের নেতা হয়ে তিনি কাজ করেছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। শুধু তা-ই নয়, জোটের অন্য নেতাদেরও তাঁর সঙ্গে রেখেছিলেন। এককথায় বলব, আনোয়ারুল মুখে মুখে আমার সঙ্গে ছিলেন, ভোট চেয়েছেন ভাইয়ের জন্য।’
জায়েদুল কবিরের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি মহাজোটের নেতারা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘শেষে আওয়ামী লীগের অস্তিত্ব টেকাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নামতে হয়েছে।’
সদ্য বিজয়ী কামরুল আশরাফ খান বলেন, ‘দল আমার ভাইয়ের মনোনয়ন বাতিল করে তাঁর প্রতি অবিচার করেছে। তাই ক্ষুব্ধ নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করেছেন।’
অন্যদিকে আনোয়ারুল আশরাফ খান বলেন, ‘দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়েছিলাম। জোটের নেতারা জোটের প্রার্থীর পক্ষে কাজ না করলে আমার করার কী আছে?’