মুখে মুখে প্রশ্ন ফাঁসের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতে বসে গতকাল রোববার কথা বলছিলেন দুই নারী। বেলা সোয়া ১১টার দিকে তাঁদের একজন মুঠোফোনে অপর প্রান্তে থাকা একজনের কাছে জানতে চাইলেন, ‘গরু-খাসির অঙ্কটা কি আইছে? জ্যামিতির সামান্তরিক ও জ্যা?’ 
তাঁর কথা শেষে পরিচয় দিয়ে কথা হলে নাজমুনা টুম্পা নামের ওই নারী জানান, তাঁর সন্তান এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে। মুঠোফোনের কথাতেই বোঝা যাচ্ছিল অপর প্রান্তের ব্যক্তিটি হয়তো পরীক্ষার হলে দায়িত্বরত কোনো শিক্ষক হবেন, যার কাছে নিজে পাওয়া প্রশ্নগুলো মিলেছে কি না, তা যাচাই করে নিচ্ছিলেন। নাজমুনা টুম্পা বলছিলেন, গণিতের প্রশ্ন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন। তবে বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের যেসব প্রশ্ন পরীক্ষার আগে পেয়েছিলেন, তার সবই পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলেছে।
বেলা দেড়টার একটু পর পরীক্ষা শেষে বের হয়ে আসা একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে দেখা যায়, নাজমুনা যে তিনটি প্রশ্নের কথা জানতে চাইছিলেন, মূল প্রশ্নে সেগুলো রয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত উচ্চবিদ্যালয় ও পুরান ঢাকার কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনেও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলতে শোনা গেছে। সরেজমিনে গিয়ে চারজন প্রতিবেদক অন্তত ৩০ জন অভিভাবকের সঙ্গে কথা বলেছেন। অভিভাবকদের অনেকেই বলেছেন, তাঁরা পরীক্ষার আগে যেসব প্রশ্ন পেয়েছিলেন, তার বেশির ভাগই মিলেছে। কেউ কেউ বললেন, কিছু মিলেছে। কেউবা আবার বলেছেন, প্রশ্ন পেলেও বিবেকের তাড়নায় সন্তানের হাতে তা দেননি। তবে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বেশির ভাগ অভিভাবক।
গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া সমাপনী পরীক্ষা শুরুর দিন থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। গতকাল সেই অভিযোগ নিয়েই শেষ হলো এই পরীক্ষা। তবে বরাবরের মতো শেষ দিনেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে উড়িয়ে দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, এটাকে প্রশ্নপত্র ফাঁস বলা যায় না। সাজেশন হতে পারে। তার পরও যারা সাজেশনের নামে এসব ছড়াচ্ছে, তারা অপরাধ করছে। এ জন্য পরীক্ষা শুরুর পর গত সপ্তাহে ফেসবুকে প্রশ্নপত্র ছড়ানোর বিষয়ে মিরপুর থানায় মামলা করা হয়েছে।
কয়েকজন অভিভাবক প্রথম আলোকে বলেন, শেষ দিকে বিভিন্ন ধরনের লেখা প্রশ্নপত্র ছড়ানো হয়। ফলে এ নিয়ে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে কেউ কেউ বলেছেন, বেশির ভাগ প্রশ্নই মিলেছে।
অপরিচিত দেখলেই বদলে যায় কথা: নীলক্ষেত হাইস্কুল কেন্দ্রের সামনে পরীক্ষা শুরুর আগে ছোট ছোট জটলায় ভাগ হয়ে কথা বলছিলেন অভিভাবকেরা। কেউ বলছিলেন সব প্রশ্ন পেয়েছেন, কেউ ৯০ শতাংশ, কেউবা ৫০ শতাংশ প্রশ্ন পেয়েছেন আগের রাতে। তবে অপরিচিত কেউ কাছে গেলেই ছেদ পড়ছিল সে আড্ডায়।
পরীক্ষা শেষে এক অভিভাবক উদয়ন স্কুলে পড়া তাঁর ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে জানাল, সবগুলোই আসছে। নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক ছেলে তার বাবাকে বলল, ‘তুমি যেগুলো দিছিলা সবই আসছে।’
পরীক্ষার পর এক অভিভাবক জানালেন, স্কুলের পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্নে একটি বড় প্রশ্নের অধীনে পাঁচটি করে ছোট প্রশ্ন ছিল। কিন্তু আগের রাতে যে প্রশ্ন পেয়েছিলেন সেটাতে প্রতিটি বড় প্রশ্নের অধীনে ছিল চারটি করে প্রশ্ন। তাই কিছুটা দ্বিধান্বিত ছিলেন। তবে পরীক্ষার পর দেখা গেল প্রতিটি বড় প্রশ্নের অধীনে চারটি করেই প্রশ্ন এসেছে।
রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের (মূল বালিকা শাখা) সামনে গিয়ে দেখা যায়, অভিভাবকদের কেউ কেউ হাতে লেখা কাগজ মিলিয়ে দেখছেন, কেউ প্রশ্ন নিয়ে মুঠোফোনে কথা বলছেন। কেউ কেউ বলছিলেন, প্রশ্ন পেয়েছেন স্কুলের শিক্ষকের কাছ থেকে, কেউ গৃহশিক্ষক আবার কেউবা ইন্টারনেট থেকে তা সংগ্রহ করার কথা বলছিলেন।
অভিভাবক আবদুল মালেক চৌধুরী বলেন, তাঁর সন্তানের গৃহশিক্ষক প্রশ্ন জোগাড় করে দিয়েছেন। প্রশ্ন নিতে আগ্রহ না থাকলেও সন্তান পিছিয়ে যাবে—এমন চিন্তায় তা নিয়েছেন।
তবে যাদের জন্য এত কিছু, সেই খুদে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে আনন্দে মেতে উঠল। কারণ, পরীক্ষা নামের যুদ্ধ গতকালই শেষ। আর ছোটদের পরীক্ষা নিয়ে বড়দের ছোটাছুটির অবসান ঘটল।