মুখে লোকসান, পকেটে অতিরিক্ত মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের পুরোটা সময়ই বিশ্ববাজারে ভোজ্যতেল আর চিনির দাম কমেছে। দাম কমেছে দেশীয় বাজারেও। তার পরও সারা বছরই অতিরিক্ত মুনাফা করেছেন তেল-চিনি ব্যবসায়ীরা।
বেসরকারি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরেই লোকসানের কথা বলে আসছে। অথচ এখন দেখা যাচ্ছে, গত বছর প্রতি কেজি চিনিতে সাড়ে তিন টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা করেছে তারা। সয়াবিন তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা আরও বেশি, কোনো কোনো ক্ষেত্রে লিটারে ২৩ টাকা পর্যন্ত।
দেখা যাচ্ছে, বাজারে এই দুই পণ্যের দাম কমলেই ব্যবসায়ীদের মুনাফা বেশি হয়, দাম বাড়লে মুনাফা কমে। কারণ তখন নজরদারি বেশি থাকে। আর দর কমতে থাকলে সরকারের নজরদারি থাকে না। ব্যবসায়ীরা যতটা দাম কমানো উচিত, ততটা কমান না। এতে মুনাফাও বেশি হয়। এ কারণেই ২০১২ সালের তুলনায় গত বছর ব্যবসায়ীদের মুনাফাও বেশি।
অতিরিক্ত মুনাফার পাশাপাশি দেশের প্রধান এই দুই ভোগ্যপণ্যের বাজারও বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপের দখলে চলে গেছে। এই তিন ব্যবসায়ী গ্রুপ হচ্ছে টিকে গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে এসেছে। প্রতিবেদনটি সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। আমদানি করা চিনি ও ভোজ্যতেলের গড় মূল্য, ঋণপত্রের গড় মূল্য ও সাত দিনের আউট বন্ড (খালাস হওয়ার পর কারখানায় নেওয়া পর্যন্ত) মূল্যকে ভিত্তি ধরে এবং এর সঙ্গে পরিশোধন খরচ ও পরিশোধনকারী, পরিবেশক ও খুচরা বিক্রেতার মুনাফা যোগ করে পণ্য দুটির মূল্য কত হওয়া উচিত তা নির্ধারণ করেছে ট্যারিফ কমিশন। এর চেয়ে যত বেশি দামে তেল-চিনি বিক্রি হয়েছে সেটিকেই অতিরিক্ত মুনাফা বলে চিহ্নিত করেছে কমিশন।
এ বিষয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহাব উল্লাহ মন্তব্য করতে রাজি হননি। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে প্রতিবেদনটি দেখে মন্তব্য করার কথা জানান।
ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে বছরে সাড়ে ১২ লাখ থেকে সাড়ে ১৩ লাখ টন ভোজ্যতেল আর ১৪ থেকে ১৫ লাখ টন চিনির চাহিদা আছে।
সয়াবিনে ২৩ টাকা পর্যন্ত মুনাফা: এক বছরে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ২২ শতাংশ এবং পাম তেলের দাম এক দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর কমেছে যথাক্রমে ১৪ দশমিক ৫৪ শতাংশ ও এক শতাংশ।
বছরের শুরুতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১১১ টাকা থাকলেও ৩১ ডিসেম্বর বিক্রি হয় ১০২ টাকায়। বছরের শুরুর ৭৩ টাকার পাম তেল বছরের শেষে বিক্রি হয়েছে ৭২ টাকা ৫০ পয়সায়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে সাড়ে ১২, ফেব্রুয়ারিতে সাড়ে ১৫, জুনে ২৩, জুলাইতে প্রায় ১৮, আগস্টে প্রায় ১৬, সেপ্টেম্বরে সাড়ে ৯, অক্টোবরে সাড়ে ১০, নভেম্বরে সাড়ে ১২, ডিসেম্বরে ১৪ টাকার বেশি অতিরিক্ত মুনাফা করেছেন ব্যবসায়ীরা।
একইভাবে পরিশোধিত পাম তেল বিক্রি করে জানুয়ারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা করেছেন ব্যবসায়ীরা।
টিকে গ্রুপের পরিচালক খুরশিদুল আলম প্রথম আলোকে বলেন, তেলে এত বেশি মুনাফা করা কোনোভাবেই সম্ভব না। যদি এত মুনাফাই হতো, দেশে এত রিফাইনারি বন্ধ হতো না।’ এত মুনাফার বিষয়টি ঠিক নয় বলেও মন্তব্য করেছেন সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা। আর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে সঙ্গে আমরা দেশেও দাম কামিয়ে দিয়েছি। বেশি মুনাফা করার প্রশ্নই আসে না।’
সয়াবিন ও পাম তেল মিলিয়ে দেশে এখন ভোজ্যতেলের বড় বাজার টিকে গ্রুপের (পুষ্টি ব্র্যান্ড)। ২০১৩ সালে মোট অপরিশোধিত সয়াবিন তেল আমদানির ৩২ শতাংশই করেছে এই প্রতিষ্ঠানটি। আর মোট অপরিশোধিত পাম তেলের ৪৩ শতাংশ আমদানি করেছে টিকে।
অপরিশোধিত সয়াবিন তেল কম আমদানি করলেও (১৩ শতাংশ) পাম তেল বেশি আমদানি করে সিটি গ্রুপ (তীর)। অপরিশোধিত পাম তেলের ৪২ শতাংশ আমদানি করে প্রতিষ্ঠানটি।
এর বাইরে বাংলাদেশ এডিবল ওয়েল (রূপচাঁদা) ১৬ শতাংশ, মেঘনা গ্রুপ (ফ্রেস) ১৪ শতাংশ, এস আলম গ্রুপ (মোরগ) ১৩ শতাংশ, সেভেন সার্কেল (ভিওলা) সাত শতাংশ, এস এ গ্রুপ (মুসকান) ২ শতাংশ আর টিসিবি ও অন্যান্য প্রতিষ্ঠান এক শতাংশ করে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে। অন্যদিকে এস আলম ৬ শতাংশ, মেঘনা গ্রুপ ৫ শতাংশ, ইলিয়াস ব্রাদার্স ২ শতাংশ, এস এ গ্রুপ ১ শতাংশ পাম তেল আমদানি করেছে।
বোতলজাত তেলে বেশি মুনাফা: তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বোতলের দাম এক লিটারের ক্ষেত্রে ১৫ এবং পাঁচ লিটারে ৫০ টাকা ধরে বোতলজাত তেলের দাম নির্ধারণ করে। ট্যারিফ কমিশন হিসাব করে দেখেছে, এক লিটারের বোতলে সাত টাকা ১২ পয়সা আর পাঁচ লিটারের বোতলে ২৪ টাকা ৮৬ পয়সা খরচ পড়ে। ফলে এক লিটার তেলে বোতলের জন্যই সাত টাকা ৮৮ পয়সা এবং পাঁচ লিটারের বোতলে ২৫ টাকা ১৪ পয়সা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা।
বোতলজাত সয়াবিন তেলে পরিশোধনকারী প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে দাম বেশি নিচ্ছে মন্তব্য করে প্রতিবেদনে এ তেলের দাম যৌক্তিকভাবে কমাতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। অবশ্য গত এক বছরে বোতলজাত তেল নিয়ে কয়েক দফায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ট্যারিফ কমিশন প্রতিবেদন দিলেও বাণিজ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি।
চিনিতেও মুনাফা: গত বছর দেশে ১৪ লাখ ৮৭ হাজার ৯৬৬ টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে প্রতি টন অপরিশোধিত চিনির গড় আমদানিমূল্য যেখানে ছিল ৩৯ হাজার ২৪১ টাকা, নভেম্বরে তা নেমে আসে ৩৩ হাজার ৪৭৭ টাকায়। বছরের শুরুতে খুচরা পর্যায়ে এক কেজি চিনি ৪৯ টাকায় বিক্রি হলেও ৩১ ডিসেম্বর বিক্রি হয় ৪৫ টাকায়।
প্রতিবেদনে বলা হয়, প্রতি কেজি চিনি বিক্রি করে জানুয়ারিতে এক টাকা ৭৬ পয়সা, ফেব্রুয়ারিতে তিন টাকা ৬০ পয়সা, জুনে দুই টাকা ৪৫ পয়সা, জুলাইতে তিন টাকা, সেপ্টেম্বরে দুই টাকা ৯৭ পয়সা, নভেম্বরে দুই টাকা ৫৯ পয়সা, ডিসেম্বরে এক টাকা ৭০ পয়সা অতিরিক্ত মুনাফা করেছেন ব্যবসায়ীরা। তবে মার্চ, মে, আগস্ট ও অক্টোবরে ৫০ পয়সার চেয়ে কম অতিরিক্ত মুনাফা করেছেন তাঁরা।
ট্যারিফ কমিশন বলছে, ফেব্রুয়ারিতে প্রতি কেজি চিনির গড় খুচরা মূল্য হওয়া উচিত ছিল ৪৫ টাকা ১৭ পয়সা। তবে বিক্রি হয়েছে গড়ে ৪৮ টাকা ৭৭ পয়সায়। জুলাই মাসে চিনি বিক্রির যৌক্তিক দর ৪৩ টাকা ৬১ পয়সা হওয়া উচিত ছিল, হয়েছে ৪৬ টাকা ৭০ পয়সায়।
চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোনেম প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরেই দেশে আমরা লোকসান দিয়ে চিনি বিক্রি করছি। এ খাতটা শেষ হয়ে গেছে। বাংলাদেশের চিনিশিল্পকে ধ্বংস করার জন্য এখন অনেকেই অনেক কথা বলছেন।’
এস আলম গ্রুপের সাইফুল আলম বলেন, ‘আমরা মুনাফাই করতে পারছি না, অতিরিক্ত মুনাফা কীভাবে করব।’ সিটি গ্রুপের বিশ্বজিৎ সাহা বলেন, ‘চিনিতে লস খেয়ে সবাই ভূত হয়ে গেছেন।’
দেশে চিনির বাজারের বড় অংশই সিটি গ্রুপের দখলে। প্রতিষ্ঠানটি গত বছরের মোট অপরিশোধিত চিনির ৪১ শতাংশ আমদানি করেছে। মেঘনা গ্রুপের আমদানি ৩২ শতাংশ। এ ছাড়া এস আলম ১৩ শতাংশ, আবদুল মোনেম (ইগলু) নয় শতাংশ ও দেশবন্ধুর (দেশবন্ধু) বাজার ৫ শতাংশ।