মুখে 'শিকড়' থাকা শাহানার অস্ত্রোপচার মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নেত্রকোনার মেয়ে শাহানা খাতুনের থুতনি, নাক, দুই কানের লতিতে গাছের শিকড়ের মতো গজিয়েছে। তাতে ব্যথা হয়, চুলকায়

শাহানার ব্যাপারে করণীয় ঠিক করতে গত শনিবার বার্ন ইউনিটের ঊর্ধ্বতন চিকিৎসকেরা বৈঠক করেন। ওই বৈঠকে তার অস্ত্রোপচার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

নেত্রকোনার মেয়ে শাহানা খাতুনের থুতনি, নাক, দুই কানের লতিতে গাছের শিকড়ের মতো গজিয়েছে। তাতে ব্যথা হয়, চুলকায়। সে বার্ন ইউনিটে ভর্তি হয়েছে কয়েক দিন আগে। চিকিৎসকেরা বলছেন, শাহানা ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ বা এ ধরনের কোনো রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামেও পরিচিত। শাহানার ক্ষেত্রে ‘আরলি ট্রি-ম্যান সিনড্রোম’ বলা যায়।

বার্ন ইউনিটে বর্তমানে শাহানা ছাড়াও ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার ও শিশু রিপন দাস চিকিৎসাধীন। রিপনের পাশের বিছানাতেই আছে শাহানা।

সামন্ত লাল সেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শাহানার পুরো মুখে বিনা খরচে অস্ত্রোপচার করা হবে। এ রোগে আবুল বাজনদার, রিপন দাস ও শাহানা ভর্তি আছে। এমন আরও কয়েকজন আছে বলে শোনা যাচ্ছে। তাই কী কারণে এ রোগ হচ্ছে, সেটা গবেষণা করে দেখতে হবে। সবার আগে একটি জরিপ করতে হবে।

শাহানার বাবা শাহজাহান অন্যের খেতখামারে কাজ করেন। খাসজমিতে ঘর তুলে থাকেন। তিনি বলেন, শাহানার বয়স যখন কয়েক মাস, তখন তার মা লিভারে পানি জমে মারা যান। মেয়ের কথা চিন্তা করে আর বিয়ে করেননি। তিনি আরও বলেন, মেয়ে, মা ও ছোট বোনের দায়িত্ব তাঁর কাঁধে। কাজ করে যা আয় করেন, তা দিয়ে সংসারের খরচ চালানোই দায়। মেয়েকে এক মাস হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। এতে কাজ হয়নি।

শাহানা তৃতীয় শ্রেণিতে পড়ে। শিকড়ের কারণে বন্ধুরা হাসাহাসি করে, অনেক সময় বাজে কথা বলে। শাহানা বলে, এসব কথা শুনলে তার খারাপ লাগে।

ঠাকুরগাঁওয়ের রিপন হাসপাতালে ভর্তি আছে প্রায় সাত মাস। আর শিকড় গজানো হাত-পা নিয়ে আবুল বাজনদার গত বছরের ৩০ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন। ১৮ দফা অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা ভালোর দিকে।