মুখের ক্যানসারে বছরে ১৪ হাজারের বেশি মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখের ক্যানসারে প্রতিবছর বাংলাদেশে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। মুখের ক্যানসারের কারণে মৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মধ্যে এই রোগের ঝুঁকি ছয় গুণ বেশি।

গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুখের ক্যানসার নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য দেওয়া হয়। ‘আশা নিয়ে ওরাল ক্যানসার মোকাবিলা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ওরাল ক্যানসার সোসাইটি এই সম্মেলনের আয়োজন করে।

মূল উপস্থাপনায় বাংলাদেশের ওরাল ক্যানসার সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার বলেন, নিয়মিত তামাক, জর্দা সেবন করলে মুখে ক্যানসার হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মুখের ক্যানসারে বছরে ১৪ হাজার ৮১২ জনের মৃত্যু হয়, যা দেশের মোট মৃত্যুর ২ শতাংশ। মুখের ক্যানসারের ৯০ শতাংশ রোগী তামাক ব্যবহার করে। দেশে ১৭টি হাসপাতাল বা কেন্দ্রে এই রোগের চিকিৎসা করা হয়। প্রয়োজনের তুলনায় চিকিৎসার সুযোগ খুবই কম। এ ব্যাপারে জনসচেতনতা তৈরির পরামর্শ দেন তিনি।

সম্মেলনের শুরুতে সম্মেলনের সেক্রেটারি এস এম আনোয়ার সাদাত বলেন, বিশ্বে প্রাদুর্ভাব বিচারে সব ধরনের ক্যানসারের মধ্যে মুখের ক্যানসারে অবস্থান ষষ্ঠ।

আয়োজকেরা জানান, বাংলাদেশসহ জাপান, ভারত, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের প্রায় ৬০০ জন ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, মুখে ক্যানসার হওয়ার প্রধান কারণ হচ্ছে তামাকের ব্যবহার। তামাকের বিরুদ্ধে প্রচারণা প্রয়োজন। এই কাজে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মোল্লা ওবায়দুল্লাহ বাকি বলেন, ‘মুখের ক্যানসার বিশ্বব্যাপী ব্যাপকতা পাচ্ছে। আমাদের দেশের মানুষ জর্দা দিয়ে পান খায়, এটা ক্ষতিকর। অভ্যাসে একটু পরিবর্তন আনলে এই রোগে মৃত্যুর হার ৫০ থেকে ৬০ শতাংশ কমানো সম্ভব।’