মুখের হাসি উধাও গলদাচাষির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা গ্রামের বীরেন্দ্রনাথ গোলদার আড়তে এসেছিলেন গলদা চিংড়ি বিক্রি করতে। আট বিঘা জমির ঘেরে তিনি গলদা চাষ করেছেন। চিংড়ির দাম গত বছরের তুলনায় অস্বাভাবিক কম। তাই মৌসুম প্রায় শেষ হতে চললেও খরচের টাকার অর্ধেকও হাতে পাননি। জানালেন, চিংড়ি চাষেই তাঁদের সুদিন ফিরেছিল আর দাম না থাকায় এখন আবার পথে বসার অবস্থা হচ্ছে।

ওই আড়তে গলদা বিক্রি করতে আসা মোল্লাহাট উপজেলার চাষি মামুন কায়সার জানান, তিনি দুই বিঘা জমিতে গলদা চিংড়ির চাষ করেছিলেন। সাড়ে তিন লাখ টাকা খরচ হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত দেড় লাখ টাকা উঠেছে। চিংড়ির দামে সন্তুষ্ট নন তিনি।বললেন, ‘এ বছর ঘের ডুবে যাওয়ায় মাছ বের হয়ে গেছে। খাবার, শামুকের দামও ছিল অনেক বেশি। তারপর আবার দামও পাচ্ছি না। ঋণ শোধ করব কীভাবে আর আগামী বছর গলদা চাষ করব বা কী দিয়ে তা নিয়ে ভীষণ চিন্তায় আছি।’

>বন্যায় ঘেরের মাছ ভেসে যাওয়ায় ঘেরে চিংড়ির উৎপাদন কমেছে। আবার দাম পড়ে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন

বাগেরহাটের চিংড়িশিল্পের সঙ্গে সম্পৃক্ত মৎস্য চাষি, শ্রমিক ও ব্যবসায়ীরা উৎপাদন ও মাছের দাম কমে যাওয়ায় চরম দুশ্চিন্তায়দিন কাটাচ্ছেন। স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে কমেছে গলদা চিংড়ির দাম। মাছের দাম কমে যাওয়া, ঋণের চাপসহ না প্রতিকূলতায় গলদা চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা।

বাগেরহাটের বিভিন্ন উপজেলার গলদা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এ বছর অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কয়েক হাজার মৎস্য ঘের প্লাবিত হয়ে বন্যায় রূপ নেয়। এতে মাছ বের হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। নতুন করে মাছ চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে।

ফকিরহাটের মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিংড়িচাষি-ব্যবসায়ী হিটলার গোলদার প্রথম আলোকে বলেন, ‘এ বছর বন্যায় ক্ষতি ও দফায় দফায় চিংড়ির দাম কমে যাওয়ায় আমার এলাকার ৯০ শতাংশ চাষি পথে বসতে যাচ্ছেন। এ রকম সংকট চলতে থাকলে এই রপ্তানিপণ্যটি চাষাবাদ থেকে অনেক চাষি সরে দাঁড়াতে পারেন বলে আশঙ্কা করছি।’

গলদা চিংড়ি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের গলদা চিংড়ির সবচেয়ে বড় বাজার ছিল গ্রেট ব্রিটেন (ইউকে)। তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাদের অর্থনীতির ওপর চাপ পড়েছে। এর ফলে তারা একদমই গলদা চিংড়ি কিনছে না। ইতিমধ্যে সেখানকার অনেক আমদানিকারক দেউলিয়া হয়ে গেছেন। জাপানসহ নতুন কয়েকটি দেশ এ বছর স্বল্প পরিমাণে গলদা কিনছে। এসব নতুন বাজারে খুলনার অনেক কোম্পানির গলদা বিক্রির তেমন নেটওয়ার্ক নেই। তাই কোম্পানিগুলো স্থানীয়ভাবে গলদা কিনছে না। এ বছর খুলনার মাত্র চারটি কোম্পানি গলদা কিনছে। গত বছর খুলনার ৩৫টি কোম্পানি গলদা চিংড়ি রপ্তানি করেছিল।

দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি বেচাকেনার সবচেয়ে বড় আড়ত ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়ত সূত্র জানায়, প্রতিদিন এ আড়ত থেকে সাধারণত পাঁচ হাজার মেট্রিক টনের মতো সাদা মাছ ও চিংড়ি বেচাকেনা হয়। খুলনা, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা এ আড়তে কেনাবেচা করেন। মাছের উৎপাদন ও দাম কমে যাওয়ায় বর্তমানে বেচাকেনা তিন ভাগের এক ভাগে এসে দাঁড়িয়েছে।

আড়ত থেকে জানা যায়, বর্তমানে ৩০ থেকে ৪০টির প্রতি কেজি গলদার দাম ৩৫০ থেকে ৪০০ টাকা, ২০ থেকে ২৫টির প্রতি কেজির দাম ৫০০ থেকে ৫২০ টাকা ও ১০টির প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। গত বছর ৩০ থেকে ৪০টির প্রতি কেজি গলদার দাম ছিল ৬৫০ থেকে ৭০০ টাকা, ২০ থেকে ২৫টির প্রতি কেজির দাম ৮০০ থেকে ৯০০ টাকা ও ১০টির প্রতি কেজির দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

খান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সমীর খান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে দাম আছে তাও আমরা পাই না। স্থানীয় কোম্পানিগুলোই পরিকল্পিতভাবে প্রতিবছর চাষিদের ঠকাতে এ ধরনের কারসাজি করে থাকে। তারা গলদার মৌসুমে বাগদা চিংড়ির দাম বাড়িয়ে দেয়, আবার বাগদা চিংড়ির মৌসুমে গলদা চিংড়ির দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিম বাজারধস তৈরি করে।’

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) পরিচালক এস হুমায়ুন কবির বলেন, দাম না থাকায় পুরো গলদা চিংড়িশিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে, অনেক চাষি আগ্রহ হারিয়ে ফেলছেন। বিদেশি বড় আমদানিকারকেরা এ বছর গলদা কিনছেই না। কবে নাগাদ এ অবস্থা ঠিক হতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তা বলা মুশকিল। শিগগির ঠিক হতে পারে আবার দীর্ঘ সময়েও তা ঠিক নাও হতে পারে। গলদা চিংড়ির জন্য নতুন বাজার খুঁজতে হবে। স্থানীয় কোম্পানিগুলোই পরিকল্পিতভাবে দাম কমাচ্ছে, এ অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

বাগেরহাট জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, হিসাব অনুযায়ী এ বছর জেলার নয়টি উপজেলায় প্রায় ২১ হাজার হেক্টর জমিতে গলদা চিংড়ির চাষ হয়েছে। বন্যায় ঘেরের মাছ ভেসে যাওয়ায় ঘেরে চিংড়ির উৎপাদনও কমেছে। আবার বাজারদর পড়ে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।