মুখোমুখি অবস্থানে আ.লীগ ও প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও খুলনার দৌলতপুরে নির্মাণাধীন আওয়ামী লীগের অবৈধ কার্যালয়টি গতকাল রোববারও উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। গতকাল আওয়ামী লীগ ও প্রশাসন মুখোমুখি অবস্থানে ছিল।
কার্যালয়টি রক্ষায় গতকাল সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অন্যদিকে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ভবন ভাঙার প্রস্তুতি নিয়ে ওই কার্যালয়ের সামনে অবস্থান করছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় তাঁরা কোনো কিছু করতে পারছেন না বলে জানা গেছে।
দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘আজ থেকে প্রতিরোধ কর্মসূচি পালন শুরু করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রশাসনের কর্মকর্তারা কার্যালয় ভাঙতে এলে এখন তাঁদের সরাসরি হটিয়ে দেওয়া হবে। আর উচ্চ আদালতে আমরা যে শুনানির আবেদন করেছি তা আগামী বুধবার ধার্য করা হয়েছে।’
এদিকে ভবন ভাঙার ব্যর্থতা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন উচ্ছেদ অভিযানে নিয়োজিত জেলা প্রশাসন ও সওজ বিভাগের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন বলেন, ‘জায়গাটি সওজের সুতরাং ওই খানে থাকা ভবন ভাঙার দায়িত্বও তাদের। আমরা তাদের সব ধরনের সহযোগিতা দিয়েছি, কিন্তু তারা ভবন ভাঙতে পারেনি। এ ব্যর্থতা আমাদের নয়।’
সওজের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, তাঁদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়নি। অভিযানের জন্য জেলা প্রশাসন থেকে নিযুক্ত কর্মকর্তারা তাঁদের ভবন ভাঙার নির্দেশ না দেওয়ায় অভিযান শেষ করা যায়নি। তবে ভবন ভাঙার সব সরঞ্জাম নিয়ে তাঁরা সেখানে প্রস্তুত আছেন। রোববারের মধ্যে ভবন ভাঙার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা ছিল। সেটিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ওই স্থানে পুলিশ মোতায়েন করা আছে। নির্দেশ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খুলনা মহানগরের দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গা দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করার চেষ্টা করে দৌলতপুর থানা আওয়ামী লীগ। নকশাবিহীন ভবন অপসারণের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করতে তাঁদের চিঠি দেওয়া হয়। গত ৫ মে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন প্রতিষ্ঠানটির উপবিভাগীয় প্রকৌশলী মামুন কায়সার। এরপরও ভবন নির্মাণের কাজ অব্যাহত থাকে।