মুখোমুখি ছাত্রলীগের দুই পক্ষ, ককটেলে আহত পাঁচ পুলিশ
ছাত্রলীগের বগুড়া জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সময় ককটেলের বিস্ফোরণে সদর থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার ফায়েজুর রহমান, সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর এ আলম ও শাহরিয়ার হোসেনসহ তিনজন কনস্টেবল। তাঁদের সবাইকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, জেলা ছাত্রলীগ সূত্র ও পুলিশ জানায়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসহ ছাত্রলীগের চারটি কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দুই পক্ষের এক অংশের নেতৃত্বে আছেন জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরো। অপর পক্ষের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুস সাত্তার ও আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজীর আহমেদ। তিন দিন ধরে শহরের সাতমাথা মোড়ে অবস্থিত জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। আজ বেনজীরের নেতৃত্বে এক পক্ষ জেলা কার্যালয়ের সামনে আগে থেকে অবস্থান করছিল। আরেক অংশ জেলা কার্যালয়ের দিকে যাচ্ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা দেখা দিলে পুলিশ মাঝামাঝি অবস্থান নেয়। এ সময় পুলিশের ওপর তিনটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে দুটির বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জেলা ছাত্রলীগের দুই পক্ষে দ্বন্দ্ব চলছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী বলেন, তাঁদের বিরোধী অংশকে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শোকজ করা হয়েছে। সংগঠনবিরোধী কাজের জন্য ওই অংশের নেতা-কর্মীদের বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন।
অন্যদিকে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজীর আহমেদ বলেন, সভাপতির পক্ষের নেতা-কর্মীরা ছাত্রলীগ নামধারী অস্ত্রবাজ। গতকালও তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে।