
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মুখোমুখি বসার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। গত শনিবার সন্ধ্যায় দুই নেত্রীর ৩৭ মিনিটের ফোনালাপে এ ব্যাপারে দুই পক্ষে যে আশা তৈরি হয়েছিল, গতকাল কথোপকথন প্রকাশের পর তা মিলিয়ে যায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথোপকথনের রেকর্ড প্রচার হওয়ার সমালোচনা করে গতকাল বলেছেন, যাতে সংলাপ না হয়, এ জন্য সরকার নাটক তৈরি করেছে।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ঢাকায় এসে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না।’
প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহার করে ২৮ অক্টোবর গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে। বিরোধীদলীয় নেতা এ অনুরোধ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ২৯ অক্টোবর পর্যন্ত হরতাল চলবে, তারপর তিনি গণভবনে যেতে পারেন।
দুই নেত্রীর এই ফোনালাপ তেমন সৌহার্দ্যপূর্ণ ছিল না। আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলে। এই টেলিসংলাপ দেশের রাজনৈতিক সংকট নিরসনে কোনো সুফল বয়ে আনেনি। কারণ, দুই নেত্রীই পরস্পরের বিরুদ্ধে মানুষ হত্যা, সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন এবং শুরুতেই ফোন ধরা না-ধরা, ফোন অচল ছিল কি না, তা নিয়ে তর্কে জড়িয়ে যান। অতীতে কে কার প্রতি অন্যায় আচরণ করেছেন, সেটাও আলোচনায় উঠে এসে তিক্ততার সৃষ্টি করে।
এখন ৬০ ঘণ্টার হরতাল শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা সংলাপের বিষয়ে কথা বলার জন্য ফোনে সরকারি দলের নেতাদের পাচ্ছেন না। আবার সরকারি দলের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের না পাওয়ার কোনো কারণ নেই। তবে তাঁরা অন্যান্য দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত আছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এভাবে কথোপকথনের রেকর্ড প্রকাশ করাটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্য-প্রণোদিত। এটা করা হয়েছে যাতে সংলাপের পরিবেশ সৃষ্টি না হয়। তিনি বলেন, আওয়ামী লীগ যে সর্বদলীয় সরকারের কথা বলছে, তা সর্বদলীয় সরকার নয়, ১৪-দলীয় সরকার। তিনি নির্দলীয় সরকারের ব্যাপারে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে সরকারি দলের অবস্থান হচ্ছে সংবিধানের বাইরে না যাওয়া। তবে তারা বিএনপির দাবি ও তাদের অবস্থান নিয়ে সংলাপে রাজি আছে এবং তা হতে পারে বলে জানায়।
তবে দুই দল ও জোটের কয়েকজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, সংলাপের বিষয়টি বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর গত শনিবারের টেলিফোন আলাপের আগের পর্যায়ে চলে গেছে। এখন আবার নতুন করে শুরু করতে হবে। সেটি কে, কবে, কীভাবে করবেন, তা দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।