
১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল দেশজুড়ে ব্যাপক সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও অধিকাংশ উপজেলা থেকে হরতাল-সমর্থক বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় পাঁচ কর্মকর্তা-সহ পুলিশের ৩৮ জন সদস্য এবং সাড়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে প্রায় ৭০টি যানবাহনে।
বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয় এবং ব্যাংক-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। বিএনপি-জামায়াতের কয়েকটি কার্যালয় ও তাদের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটেছে লালমনিরহাটে। সেখানে জেলা আওয়ামী লীগ, রেলওয়ে শ্রমিক লীগ ও ছাত্রলীগের কার্যালয় এবং চারটি ব্যাংক, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। তাঁরা রেললাইনের সিসি ক্লিপ খুলে ফেলায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরাও হরতাল-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ট্রেনে হামলার ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশন এবং জয়পুরহাটেও।
এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের গজারিয়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ধরনের সংঘর্ষ এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেন ও ভাঙচুর করেন পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পিকেটারদের।
বিভিন্ন স্থান থেকে নিজস্ব প্রতিবেদক, স্থানীয় কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লালমনিরহাটে হরতাল-সমর্থকেরা গতকাল সকালে সদর থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে থানা রোডে অবস্থিত জেলার আওয়ামী লীগ কার্যালয়, রেলস্টেশন-সংলগ্ন জেলা ছাত্রলীগের কার্যালয় এবং রেলওয়ে রিকশা স্ট্যান্ড-সংলগ্ন জেলা রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ছাড়া একই সময়ে জেলা শহরের গোশালা বাজার রোডে জনতা, উত্তরা, পূবালী ও ব্র্যাক ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর করেন হরতালকারীরা। এ সময় থানা রোড, স্টেশন রোড, রেলবাজার এলাকার আওয়ামী লীগের সমর্থকদের শতাধিক দোকানে ভাঙচুর করা হয়। অন্যদিকে সদর উপজেলার বুদারু বাঁশেরতল নামক এলাকায় রেললাইনের সিসি ক্লিপ খুলে ফেলেন পিকেটাররা। এতে সকালে ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়। এদিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপির সমর্থকদের কিছু দোকানপাটে হামলা ও ভাঙচুর করেন। শহরে সারা দিনের সহিংসতায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে সকাল ১০টার দিকে রাজশাহী থেকে সৈয়দপুরগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় পিকেটাররা রেলক্রসিং এলাকায় ট্রেনটি থামিয়ে পাথর নিক্ষেপ করলে ট্রেনের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। আদমদীঘি স্টেশনে সান্তাহার থেকে বগুড়াগামী পদ্মরাগ ট্রেনের হোসপাইপ খুলে দেন পিকেটাররা। দুপচাঁচিয়ায় তালোড়া রেলস্টেশনে রেললাইনের ওপর কাঠের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন পিকেটাররা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ কাঠের গুঁড়ি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়। জয়পুরহাটে হরতালকারীরা দুটি ট্রেনের কামরায় আগুন ধরে দিয়ে ট্রেন দুটিতে ব্যাপক ভাঙচুর চালান। আতঙ্কে ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০-২৫ জন আহত হয়।

ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকালে সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। হাসনাবাদ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হরতাল সমর্থনকারীরা চার-পাঁচটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের লিংক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দেন হরতাল সমর্থনকারীরা।
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত লোক। এ সময় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ৩৫টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটে। নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা।
গাজীপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে বরমী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। সকালে শ্রীপুরের নয়নপুর এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। গাজীপুর সদরে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। টঙ্গীর চেরাগআলী মার্কেটের কাছে একটি অটোরিকশা এবং মিরেরবাজার এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছেন পিকেটাররা।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা রামদা, বল্লম, রডসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি, পাকুন্দিয়া পৌরসভার মেয়র জালাল উদ্দিনসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সহকারী পুলিশ সুপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের শতাধিক গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সাতক্ষীরার আশাশুনি ও তালায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়। এতে একজন উপপরিদর্শকসহ পুলিশের পাঁচ সদস্য এবং পাঁচজন হরতাল-সমর্থকও আহত হন। জেলার কালীগঞ্জ ও কলারোয়ায় হরতালকারীরা কয়েকটি প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেন।
এ ছাড়া ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় গতকাল দুপুরে বিএনপির একটি সভায় হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন দুজন। চাঁদপুর শহরের নতুন বাজারে দুটি হাসপাতাল, তিনটি বাড়ি, ১৫টি দোকান ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয় ছয়টি অটোরিকশা ও সংবাদপত্রের গাড়ি। হাজীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
বরগুনার বামনায় শিবিরের কর্মীরা এক এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে ঘেরাও করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। কক্সবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। সকালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। সংঘর্ষে দুই পক্ষে ২০ জন আহত হন।
চট্টগ্রামের ফটিকছড়িতে হরতাল-সমর্থকেরা সকালে একটি অটোরিকশা এবং সন্ধ্যায় ছোট-বড় প্রায় সাতটি গাড়ি ভাঙচুর করেন। সীতাকুণ্ডের কেদারখীল এলাকায় যুবলীগ-শিবির ও টেরিয়াল এলাকায় যুবলীগের সঙ্গে বিএনপি-শিবিরের সংঘর্ষে আটজন আহত হন। পিকেটাররা দুটি গাড়িতে আগুন ও ২০টি গাড়ি ভাঙচুর করেন।
ময়মনসিংহের ত্রিশালে শিবিরের কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গফরগাঁওয়ে বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে বিএনপির নেতাসহ দুজন আহত হন। মেহেরপুরে শিবিরের মিছিল থেকে শ্যামলী পরিবহনের ঢাকাগামী বাসে আগুন দেওয়া হয়।
মাদারীপুরের বিভিন্ন সড়কে পাঁচটি ইজিবাইক ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হন। পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকায় যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে হরতালকারীদের সঙ্গে ১৪ দলের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। গাইবান্ধার মহিমাগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। এ সময় ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে জামায়াত-শিবির।
ফেনীতে পিকেটারদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। নোয়াখালীতে হরতালের বিপক্ষে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপির নেতার মালিকানাধীন একটি আবাসিক হোটেল, ইসলামী ব্যাংক ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জামালপুরের মাদারগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
যশোরে এক সাংবাদিকের মোটরসাইকেল জ্বালিয়ে দেন পিকেটাররা। যশোর-সাতক্ষীরা সড়কের কুয়াদা বাজারে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় হরতাল-সমর্থকদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ১০ জন আহত হন। আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির সমর্থকদের ছয়টি দোকান ভাঙচুর করেন। নেত্রকোনায় শনিবার রাতে হরতালের পক্ষে-বিপক্ষের লোকজন রোগনির্ণয় কেন্দ্র ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। কেন্দুয়ায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন পিকেটাররা। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেবসহ পুলিশের চার সদস্য আহত হন।
হবিগঞ্জের লাখাই উপজেলার বুলাবাজারের কাছে পিকেটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ৪০ জন আহত হন। এদিকে সিলেট, পটুয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, বরিশালের উজিরপুর ও নীলফামারীর সৈয়দপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।
