মুখোমুখি মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরিয়া সার-পরিস্থিতি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে শিল্প মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ রোববার শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সমালোচনার মুখে পড়তে পারেন মন্ত্রী দিলীপ বড়ুয়া।স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মনে করছেন, মন্ত্রণালয়ের অদূরদর্শিতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে কৃষি ক্ষেত্রে অরাজকতা তৈরি হতে পারে। আর মন্ত্রণালয় মনে করছে, একটি মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি খারাপ করতে চাইছে। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, ইউরিয়া সার-সংকট ও সাম্প্রতিক একটি ‘সার কেলেঙ্কারি’র চেষ্টার ঘটনার পেছনে মন্ত্রণালয়ের দুর্নীতির রয়েছে। এ সম্পর্কে মন্ত্রী ও অন্যান্য কর্মকর্তার কাছে জানতে চাওয়া হবে। স্থায়ী কমিটির সুপারিশ উপেক্ষা করে মন্ত্রণালয় কেন নিম্নমানের সার বন্দর থেকে খালাসের উদ্যোগ নিল, তার ব্যাখ্যা চাওয়া হবে। ওই সদস্য জানান, সার কেলেঙ্কারির চেষ্টা আপাতত ব্যর্থ হওয়ার পর মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে, তাদের স্থায়ী কমিটির বৈঠকে হাজির করতে মন্ত্রীকে বলা হয়েছে। এ ছাড়া এই মুহূর্তে সারের মজুদ কম থাকা ও বোরো মৌসুমে পর্যাপ্ত সার সরবরাহে মন্ত্রণালয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হবে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘সার একটি স্পর্শকাতর বিষয়। নিম্নমানের সারের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হলে তা সরকারের জন্য ভালো হবে না। সার-সংকটও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটা দেখা স্থায়ী কমিটির দায়িত্ব। এ জন্য সুপারিশ করা হয়েছে। কোনো ব্যক্তিস্বার্থে নয়।’ শিল্প মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, সার পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে। তারা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতেই পারে। তবে কমিটি যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা মোটেও ঠিক নয়। জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের যাঁদের হাজির হতে বলেছে, তাঁদের সবাইকে সেখানে থাকার জন্য বলেছি।’ তিনি বলেন, ‘সার নিয়ে স্থায়ী কমিটি যা বলছে, তা ঠিক নয়। সার পরিস্থিতি ঠিক আছে। একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।’ ওই মহল কারা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি সাংবাদিক, আপনি জানেন, আর না জানলে খুঁজে বের করা আপনার দায়িত্ব।’ যে কারণে মুখোমুখি: জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আট মাস ধরে ২০০ কোটি টাকা মূল্যের প্রায় ৪৩ হাজার মেট্রিক টন সার পড়ে আছে। এগুলো নষ্ট হয়েছে উল্লেখ করে স্থায়ী কমিটি এই সার খালাস না করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। দিলীপ বড়ুয়া বলেছেন, পরীক্ষা করে দেখা গেছে, এই সারের ২০ শতাংশ জমাট বেঁধেছে। তবে গুণগত মান নষ্ট হয়নি। জমাট বাঁধা সার ভেঙে ব্যবহার করা যাবে। এসব দিক বিবেচনা করে সার খালাসের সিদ্ধান্ত নেওয়া হয়।তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একদিকে বলা হচ্ছে সার জমাট বেঁধেছে। আবার বলা হচ্ছে গুণমান মান নষ্ট হয়নি, এটা স্পষ্ট নয়।’ওই ঘটনা তদন্তে একটি কমিটি করার কথাও বলে সংসদীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের একজন উপসচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কিন্তু সংসদীয় কমিটি মনে করে, আরও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করা দরকার ছিল। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, দেশে সারের মজুদ কমে গেছে। আমন মৌসুমে মজুদ থেকে সার ব্যবহূত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই সদস্য বলেন, বোরো মৌসুমে সারের উৎপাদন ও আমদানি ঠিক রাখতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে নজর দিতে হচ্ছে। তা হলে শিল্প মন্ত্রণালয়ের কাজটা কী হচ্ছে?