মুখোমুখি সংঘর্ষে কার্গোডুবি, আট ঘণ্টা পর লঞ্চ উদ্ধার
ঢাকা-বরিশাল নৌপথে বুধবার দিবাগত রাতে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৮-এর সঙ্গে সংঘর্ষে একটি কার্গো ডুবে গেছে। সংঘর্ষে সামনের অংশ ফেটে গেলে যাত্রীসহ লঞ্চটি পাশের চরে তুলে দেওয়া হয়। আট ঘণ্টা আটক থাকার পর অন্য একটি লঞ্চ গিয়ে যাত্রী ও দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধার করে।ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-৮ লঞ্চটির সঙ্গে রাত দুইটায় বরিশালের হিজলা উপজেলার কাছাকাছি মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল থেকে পারাবত-২ নামের একটি লঞ্চ গিয়ে আটকে থাকা যাত্রী এবং দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধার করে বরিশাল নৌবন্দরে নিয়ে আসে।প্রত্যক্ষদর্শী ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে আটটায় ঢাকা থেকে প্রায় এক হাজার যাত্রী নিয়ে সুন্দরবন-৮ লঞ্চ বরিশালের উদ্দেশে যাত্রা করে। লঞ্চটি বরিশালের হিজলা উপজেলার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বলগেট (বালুবাহী নৌযান) হঠাৎ তার গতি পরিবর্তন করে সুন্দরবন লঞ্চের মুখোমুখি চলে আসে। এ সময় বলগেটটি সজোরে আঘাত করায় লঞ্চের সামনে একটি ফুটো হয়ে যায় এবং বলগেটটি ডুবে যায়।সুন্দরবন লঞ্চের মাস্টার আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, ‘নদীর নিয়ম অনুযায়ী আমরা জাহাজ চালাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা আল আবদুল্লাহ নামের বলগেটটি হঠাৎ করে লঞ্চের সামনে আড়াআড়ি করে দেয়। কাছাকাছি ও গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে যেটুকু ফুটো হয়েছে তাতে লঞ্চ চালিয়ে বরিশাল ঘাটে আসা সম্ভব ছিল। কিন্তু যাত্রীদের চাপে লঞ্চ চরে তুলে দিতে বাধ্য হয়েছি।’লঞ্চের সহকারী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লঞ্চ ও বলগেটে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বেশ কিছু যাত্রী উচ্ছৃঙ্খল হয়ে আমাদের কেরানি ও মাস্টারদের মারধর করে। বাধ্য হয়ে চালক লঞ্চ চরে তুলে দেন।’ সুন্দরবন লঞ্চের মালিক মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। যাত্রীদের আশ্বস্ত করি এবং অন্য লঞ্চ নিয়ে তাদের উদ্ধার করা হয়।’