মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ নিহত ৪
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যান দুটির দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় বাসের ৪০ জন যাত্রী। গতকাল শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণকান্দি বাজারের কাছে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে শৈলকুপা থেকে বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরিফগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই বাসের চালক মারা যান। তাঁদের মধ্যে চুয়াডাঙ্গা ডিলাক্সের চালকের পরিচয় জানা গেছে। তাঁর নাম তসলিম মোল্লা (৪২)। তিনি ঝিনাইদহের হলিডানী বাজার এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। অপর বাসের চালকের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে উভয় বাসের কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন। তাঁদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজন মারা যান। তারা হলেন সেতাব (৩৫) ও জলিল শিকদার (৮৫)। মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু: অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী নাসরিন আক্তার (২০) মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে কলেজ থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নাসরিন। দুইটার দিকে কাদিরদী দাখিল মাদ্রাসার সামনে পৌঁছার পর অটোরিকশার চাকার সঙ্গে তাঁর ওড়না পেঁচিয়ে যায়। শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।