মুখোমুখি সংঘর্ষের পর বাস তুরাগে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাগ নদে ডুবে যাওয়া বাসটি গতকাল দুপুরে ক্রেনের সাহায্যে ডাঙায় তোলা হয়। এ সময় আশপাশে উত্সুক মানুষের ভিড় জমে যায় ষ ছবি: প্রথম আলো
তুরাগ নদে ডুবে যাওয়া বাসটি গতকাল দুপুরে ক্রেনের সাহায্যে ডাঙায় তোলা হয়। এ সময় আশপাশে উত্সুক মানুষের ভিড় জমে যায় ষ ছবি: প্রথম আলো

রাজধানীর উপকণ্ঠে ধউর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক থেকে ছিটকে একটি বাস তুরাগ নদে ডুবে গেছে। পরে ওই বাসের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাঁদের উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাজীপুর সদরের বাসিন্দা বেক্সিমকো টেক্সটাইলের হিসাব বিভাগের কর্মকর্তা আলী হোসেন (৩২), আশুলিয়ার মর্ডান হারবালের চিকিৎসক ফজলুর রহমান (৩৫), নরসিংদীর রায়পুরার রবিউল্লাহ (২৪), ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) রিংসাইন পোশাক কারখানার কর্মকর্তা সরোয়ার মোরশেদ (৩৮), ডুবে যাওয়া বাসের চালকের সহকারী আবদুর রহমান (৪০) ও ফরহাদ হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ধউর সেতুর পূর্ব পাশে আবদুল্লাহপুরগামী নাঈম পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাইপাইলগামী সায়েম পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে এই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর সায়েম পরিবহনের বাসটি গড়াতে গড়াতে সেতুর পাশ দিয়ে তুরাগ নদে পড়ে ডুবে যায়। আর নাঈম পরিবহনের বাসটি সড়কে থেমে যায়। ডুবে যাওয়া বাসের বেঁচে যাওয়া যাত্রী জিল্লুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে চালক দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। ধউর সেতুর কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে একটি বাস আসতে দেখে চালক বাসটি বাঁ দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে ওই বাসের সঙ্গে ধাক্কা লেগে বাসটি নদে পড়ে যায়।
উদ্ধার অভিযান: দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। এর পরই রাজধানীর হাজী মুহসীন ঘাঁটি থেকে নৌবাহিনীর সাত সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা সরকার শফিউল্লাহ বলেন, বাসটি নদের যেখানে পড়েছিল, সেখানে অন্তত ২৫ ফুট পানি ছিল। ডুবুরি দলের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার মধ্যে সাতটি মরদেহ উদ্ধার করেন। প্রথমে পুলিশ ও পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্রেন এনে বেলা পৌনে দুইটার দিকে নিমজ্জিত বাসটি টেনে ডাঙায় তোলা হয়। প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ৮-১০ জন লোক ডুবন্ত বাসের ভেতর থেকে বের হয়ে সাঁতরে তীরে ওঠেন। নৌবাহিনীর কর্মকর্তা লে. রাসেল হাওলাদার বলেন, বাসটি তোলার পরও উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু কোনো মরদেহ পাওয়া না যাওয়ায় বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়।
বাসের আর কোনো যাত্রী নিখোঁজ আছে কি না, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে উদ্ধারের পর দেখা গেছে, বাসটিতে আসন ছিল ২৩টি। এর প্রতিটি আসনেই যাত্রী ছিল বলে জানান ওই বাসের বেঁচে যাওয়া যাত্রী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান। উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী মিজানুর রহমান বলেন, বাসের সব আসন পূর্ণ হওয়ার পর চালকের পাশে যন্ত্রের ঢাকনার ওপরও কয়েকজন যাত্রী বসানো হয়। দাঁড়িয়েছিলেন আরও সাত-আটজন যাত্রী।
বাবার কাঁধে ছেলের লাশ: ছেলে রবিউল্লাহকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন নরসিংদীর রায়পুরার আলী নেওয়াজ ভূঁইয়া। বাসটি তুরাগ নদে ডুবে যাওয়ার পর তিনি জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে রবিউল্লাহ ভেতরে আটকা পড়ে মারা যান। পরে ইস্ট ওয়েস্ট হাসপাতাল থেকে ছেলের মরদেহ বাড়ি নিয়ে যান। লাশ গ্রহণের সময় কান্নাজড়িত কণ্ঠে আলী নেওয়াজ বলেন, ‘বাড়ি থিকা বাপ-ব্যাটা এক লগে বাইর অইয়া ব্যাটার লাশ নিয়া বাড়ি ফিরতাচি। বাড়ি যাইয়া আমি অহন কী জবাব দিমু।’
ঘটনাস্থল নিয়ে টানাহেঁচড়া: রাজধানীর তুরাগ থানার শেষ সীমানা আর ঢাকার আশুলিয়া থানা এলাকার ২০ গজ দূরে ধউর সেতুর পূর্বপাশে বাসটি ডুবে যায়। ঘটনার পরপরই তুরাগ থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ ফরিদ বলেন, বাসটি আশুলিয়া থানা এলাকায় ডুবেছে। তাই উদ্ধার অভিযানে মুখ্য ভূমিকা আশুলিয়া থানারই রাখার কথা। কিন্তু ঘটনার এক ঘণ্টা পরও ওই থানার কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমান বলেন, ‘আশুলিয়া থানা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থল রাজধানীর তুরাগ এলাকায়। তাই এ ব্যাপারে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।’