মুখোশ পরা অস্ত্রধারীদের হামলা এখনো আঁতকে ওঠেন ২২ জন
‘সেই দৃশ্য মনে হলে এখনো আঁতকে উঠি। হাতে কিরিচ, অস্ত্র ও হকিস্টিক। মুখোশ পরা ৪০ থেকে ৪৫ জন যুবক। প্রথমে ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ। পরে ভেতরে ঢোকার চেষ্টা। বিষয়টি আঁচ করতে পেরে ভবনের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়ায় প্রাণে বেঁচে যাই আমরা।’
নির্বাচনের এক দিন পর গতকাল কথাগুলো বলছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মানদারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী রতন চক্রবর্তী।
শুধু রতন চক্রবর্তী নন, সেই দৃশ্য মনে করে ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২২ জন এখনো শিউরে ওঠেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদার না করায় দুর্বৃত্তরা এ সুযোগ নিয়েছে বলে তাঁদের অভিযোগ।
এদিকে মুখোশ পরা অস্ত্রধারী সেই যুবকদের কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
অস্ত্রধারীরা প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে ভোটকেন্দ্রে ঢুকতে না পেরে পাশে থাকা একটি মিনি ট্রাক আগুনে পুড়িয়ে দেয়। এতে চালক রুবেল প্রাণে বেঁচে যান গাড়ি থেকে নেমে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে যাওয়ায়।
রুবেল প্রথম আলোকে বলেন, ‘প্রথম দফায় বেঁচে যাই গাড়ি থেকে নেমে যাওয়ায়। দ্বিতীয় দফায় বাঁচি তাড়াতাড়ি ভোটকেন্দ্রে ঢুকে যাওয়ায়। ভাগ্যিস কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। নইলে হয়তো ২২ জনের কেউই প্রাণে বাঁচত না।’ ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ভোটকেন্দ্রের তিন দিক থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোশ পরা ৪০ থেকে ৪৫ জন যুবক কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। কলাপসিবল গেটটি বন্ধ করে দেওয়ায় তারা ঢুকতে পারেনি। এ সময় ৪০টি গুলি বর্ষণ করলে হামলাকারীরা কেন্দ্রের পাশে থাকা একটি মিনি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা অস্ত্রধারী দুজন পুলিশ ছিলাম। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। তার পরও গুলি চালিয়েছি ২২ জনকে বাঁচাতে।’
ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মৃণাল কান্তি বণিক বলেন, ‘পরিবার-পরিজনের কাছে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলাম। দফায় দফায় ককটেল নিক্ষেপ, অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টার দৃশ্য চোখে ভেসে উঠলে শরীর শিউরে ওঠে।’
সহকারী প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম, পোলিং এজেন্ট সুকর্ণা সাহা, ফারহানা ইয়াছমিন ও মমতাজ বেগমের মতো ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারীরা এখনো আঁতকে ওঠেন সেই দৃশ্য মনে পড়লে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘অস্ত্রধারী মুখোশ পরা যুবকদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।’