মুখোশধারীদের ধাওয়ায় নদীতে ডুবে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরে বসে তাস খেলছিলেন একদল লোক। মুখোশধারী কয়েক ব্যক্তি তাঁদের ধাওয়া দেয়। পুলিশ সদস্য মনে করে তাঁরা নদীতে ঝাঁপ দেন। পরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। সিরাজগঞ্জ সদর উপজেলার গারুদহ বাজার-সংলগ্ন এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল হকের (৩৫) বাড়ি সদর উপজেলার বেজগাতি গ্রামে। নিখোঁজ বাচ্চু মিয়ার (৪৫) বাড়ি একই উপজেলার রাঙ্গালিয়াগাতি গ্রামে। তাঁকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গারুদহ বাজার-সংলগ্ন ইছামতী নদীর তীরে স্থানীয় একদল লোক তাস খেলতে বসেন। রাত আটটার দিকে নদীর দুই পাশ থেকে মুখোশধারী কিছু লোক তাঁদের ধাওয়া দেয়। পুলিশ সদস্য ভেবে অনেকে পালিয়ে যান। কেউ কেউ ইছামতী নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠলেও আসাদুল ও বাচ্চু নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই থানা-পুলিশ, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর সহায়তায় তারা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে চার সদস্যের একটি ডুবুরি দল আসে। গতকাল বিকেল পাঁচটায় আসাদুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
আসাদুলের স্ত্রী চম্পা খাতুন বলেন, ‘শুনেছি, মুখোশধারী ব্যক্তিরা পুলিশের সদস্য ছিলেন।’ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ফরহাদ হোসেন বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হবে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মুখোশ পরা ধাওয়াকারীরা পুলিশের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের শনাক্ত করার কাজ চলছে।