মুখ্য পরিচালন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মীমঙ্গল সংস্থা প্রতিষ্ঠানটির মুখ্য পরিচালন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
গতকাল সোমবার বেলা আড়াইটায় কর্মীমঙ্গল সংস্থার নেতারা প্রতিষ্ঠানের মূল ভবনের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন। নেতারা বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানের প্রধান দুই ফটকে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা পাহারায় থাকবেন যেন মুখ্য পরিচালন কর্মকর্তা (সিওও) ভেতরে ঢুকতে না পারেন। ওই কর্মকর্তার পদত্যাগ বা বরখাস্ত এখন প্রধান দাবি। যোগাযোগ করা হলে আইসিডিডিআরবির যোগাযোগ ও উন্নয়ন শাখা থেকে বলা হয়, কর্মীমঙ্গল সংস্থা তাদের সদস্যদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরায় আইসিডিডিআরবির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা স্বাগত জানিয়েছে। সংগঠনটির সাম্প্রতিক তোলা সব দাবি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানের জন্য তারা সক্রিয় রয়েছে।
কর্মীমঙ্গল সংস্থা আইসিডিডিআরবির বেতনভুক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এর সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। সাত দফা দাবিতে কর্মীমঙ্গল সংস্থা আন্দোলন করছে। দাবিগুলো হচ্ছে: বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছে প্রতিষ্ঠানটির মূল ভবনের জায়গা ৪৯ বছরের জন্য ইজারা চুক্তি বাতিল, ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল, অধ্যাদেশ অনুযায়ী সবাইকে জাতিসংঘের স্কেলে বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া, মুখ্য পরিচালন কর্মকর্তার পদ বিলুপ্তি, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, বিজ্ঞানীদের জন্য নয়—এমন উচ্চস্তরের কিছু পদে বাংলাদেশিদের পদায়ন এবং আইসিডিডিআরবির অধ্যাদেশে প্রস্তাবিত সংশোধনী জনসমক্ষে প্রকাশ।
আইসিডিআরবির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা বোর্ড অব ট্রাস্টিজের দুই দিনের সভা শেষ হয়েছে গত রোববার। ওই সভায় সাত দফা দাবির মীমাংসা হয়নি। গতকাল বেলা সোয়া দুইটায় আইসিডিডিআরবিতে গিয়ে দেখা যায়, পূর্বঘোষিত সভার প্রস্তুতি চলছে। মূল ভবন ও আশপাশের সব ভবন থেকে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের জড়ো হতে দেখা যায়। আড়াইটায় সভা শুরু হয়।
সভায় কর্মীমঙ্গল সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। কোনো লাভ হয়নি। মুখ্য পরিচালন কর্মকর্তাই প্রধান সমস্যা। তাঁর অপসারণ এখন এক নম্বর দাবি। তাঁকে আর কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না।’