মুখ্য বিচারিক হাকিম আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে একজন আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এবং এর প্রতিবাদে গতকাল সোমবার থেকে মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন শুরু করেছেন আইনজীবীরা। মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান আল বিরুনী প্রথম আলোকেবলেন, ৩ নভেম্বর মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদ শাহরিয়ার কবির তাঁর আদালতে একটি মামলার শুনানিকালে আইনজীবী এমদাদুল হকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে এমদাদুলকে পুলিশ হেফাজতে নেওয়ার মৌখিক নির্দেশ দেন তিনি। পরে এমদাদুল বিষয়টি জেলা আইনজীবী সমিতিকে জানান। এ পরিপ্রেক্ষিতে নেতারা গত রোববার জরুরি সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা গতকাল থেকে শুধু মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন শুরু করেন। তবে অন্য আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তিনি আরও বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হবে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইনসচিব ও বাংলাদেশ বার কাউন্সিলে।

 এ বিষয়ে বক্তব্য জানার জন্য মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদের কার্যালয়ের টেলিফোনে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।