মুগদা মেডিকেলের অধ্যক্ষ হলেন আহমেদুল কবীর
রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ আহমেদুল কবীর। গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১ জানুয়ারি থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আহমেদুল কবীর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু তাঁর। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে আবাসিক চিকিৎসকের দায়িত্ব পান। ২০০৮ সালে সহকারী অধ্যাপক ও ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
আহমেদুল কবীর বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জার্নালে তাঁর অন্তত ৩৯টি লেখা প্রকাশিত হয়েছে।