মুগদায় পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্বাঞ্চলীয় মুগদা ও আশপাশের এলাকায় সাত দিন ধরে পানির সরবরাহ কম। কোনো কোনো বাড়িতে পানি এলেও তাতে ময়লা ও দুর্গন্ধ। গত শুক্রবার এলাকায় গিয়ে পানি নিয়ে মানুষের দুর্ভোগের চিত্র চোখে পড়ে।
দক্ষিণ মুগদার অনেক বাড়িতেই পানি সরবরাহ প্রায় বন্ধ বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গভীর রাতে পানি এলেও সে পানি বালতি বা হাঁড়িতে ভরতে না ভরতেই শেষ হয়ে যায়।
এলাকার বাসিন্দা আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, পানি প্রায় আসছেই না। কখন পানি আসবে, এ চিন্তায় তাঁর পরিবারের সদস্যদের রাত জেগে অপেক্ষা করতে হয়। তাঁর প্রতিবেশী শাহাবুদ্দীন আহমদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে এসে গোসল করতে পারি না। অথচ ওয়াসাকে পানির বিল নিয়মিতই দিতে হয়।’
মার্চ মাসের শেষ দিকে ওই এলাকার বাসিন্দা মকসুদুল আনোয়ার টেলিফোনে পানির সমস্যার কথা জানিয়েছিলেন। শুক্রবার এলাকায় গেলে তিনি বলেন, ‘আগে বাসায় ওয়াসার পানিতে মুখ ধুলে চোখ জ্বালা করত। এখন চর্মরোগ হচ্ছে। এলাকায় একাধিক গভীর নলকূপ আছে। তারপরও পানির কষ্ট।’
কালভার্ট রোডেও দুর্গন্ধময় পানি আসে বলে এলাকাবাসী জানান। বেলা সাড়ে ১১টার দিকে ওয়াপদা রোড পানির পাম্প ঘিরে অনেক মানুষের ভিড় দেখা যায়। এখানে সব সময়ই পানি সংগ্রহে ভিড় জমে। ৮ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ—সব বয়সের নারী-পুরুষ পানি সংগ্রহে ব্যস্ত। পাম্পে হাঁড়ি-কলসি, বিভিন্ন ধরনের জারিকেনের লাইন। গভীর নলকূপ দিয়ে তোলা পানি পাইপের লাইনে ঢোকার আগে মোটামুটি বিশুদ্ধ থাকে। তাই ওয়াসার পাম্প থেকে পানি নিলে তুলনামূলক বিশুদ্ধ পানি পাওয়া যায় বলে ভুক্তভোগী বাসিন্দারা জানান।
বিশ্বরোড এলাকায় অপর পানির পাম্পেও ভিড়। টিটিপাড়া, এমনকি মানিকনগরের বাসিন্দারাও এখান থেকে পানি সংগ্রহ করেন। দক্ষিণ মুগদার বাসিন্দা একটি বেসরকারি সংস্থার কর্মচারী আবদুল হক জানান, একটু পরে তিনি জুমার নামাজে দাঁড়াবেন। তার আগে গোসল করে নেবেন। দুটি বালতি নিয়ে এসেছেন। একটি দিয়ে গোসল করবেন, অন্যটি খাওয়ার।
বড় জারিকেন নিয়ে লাইনে দাঁড়িয়েছেন আলপনা বেগম নামের পঞ্চাশোর্ধ্ব মহিলা। বাসাবাড়িতে পানি সরবরাহ করেন। বড় জারিকেন ২০ টাকা। তাঁর কথা, এ বয়সে পানি সংগ্রহ করে বাসায় দিয়ে আসা অনেক কষ্টের। পয়সা পাওয়াটা অবশ্যই বড় কথা। তবে এতে মানুষের উপকারও হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় এমন কোনো পরিবার পাওয়া যাবে না, যারা ওয়াসার সরবরাহ করা পানির ওপর পুরোপুরি নির্ভর করতে পারে। বিশুদ্ধ পানি সংগ্রহে পরিবারে একজন না একজনকে ছুটতেই হয়।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, পানির উৎপাদন কমে যাওয়ায় পকেট এলাকায় পানি যেতে সমস্যা হয়। পানির পাইপলাইনে ফুটোর কারণে এলাকায় পানিতে দুর্গন্ধ। অনেকে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপ ফুটো করে ফেলে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কর্তব্যরত একজন কর্মকর্তা বলেন, ওয়াসার লোকজনের সাহায্য ছাড়া অবৈধ লাইন নেওয়া সম্ভব নয়।