মুগুর পা চিকিৎসায় বৃহৎ প্রকল্প
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ‘সাসটেইনেবল ক্লাবফুট কেয়ার ইন বাংলাদেশ’ প্রকল্প চালু হয়েছে। এ প্রকল্পের আওতায় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ২৫ হাজার শিশুর ক্লাবফুটের (মুগুর পা) চিকিৎসা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে পনসেটি ট্রেনিং সেন্টার ও নিটোর ক্লাবফুট ক্লিনিকেরও উদ্বোধন করা হয়।
কানাডা সরকারের ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ডিএফটিএডি) অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নে এদিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের লাইন ডিরেক্টর এ বি এম আবদুল হান্নান, ব্র্যাকের পক্ষে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা ও ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকল্প পরিচালক শফিক পিরানি।
এ প্রকল্পের আওতায় দেশব্যাপী অর্থোপেডিক সার্জনদের পনসেটি টেকনিকের প্রশিক্ষণ দেওয়া হবে।
নিটোরের পরিচালক হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এম নিয়াজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।