মুচলেকা দিয়ে মুক্ত আট শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ে আসন্ন ২০১৩-১৪ শিক্ষা-বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্রের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘটের সময় আটক আট শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল আটটায় নগরের দেওয়ানহাট স্টেশন এলাকায় শাটল
ট্রেন আটকে দেওয়ার চেষ্টা এবং রেলের এক কর্মীকে মারধরের অভিযোগে তাঁদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জিআরপি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে নগরের দেওয়ান স্টেশন এলাকায় আবেদনপত্রের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন প্রগতিশীল ছাত্রজোটের অন্তর্ভুক্ত তিনটি সংগঠনের নেতা-কর্মীরা। এ তিনটি সংগঠন হলো ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। বিক্ষোভ শেষে তাঁরা শাটল ট্রেন অবরোধ করতে গেলে রেলের নিরাপত্তাকর্মীরা এতে বাধা দেন।
এ সময় বাধা উপেক্ষা করে ট্রেন অবরোধ করতে গেলে রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এতে রেলের এক নিরাপত্তাকর্মী আহত হলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাটিচার্জ করে ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশিদুল সামির, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জুনায়েদ সাদাত, ছাত্র ইউনিয়নের কলা অনুষদ শাখার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া খন্দকারসহ ১৩ জন নেতা-কর্মীকে আটক করে। তবে এঁদের মধ্যে আটজনকে রেখে বাকিদের সকালেই ছেড়ে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, আটক শিক্ষার্থীরা ভবিষ্যতে আবেদনপত্রের বর্ধিত ফি নিয়ে আন্দোলন করবেন না এবং আহত হওয়া রেলের কর্মীর ব্যাপারে লিখিত ক্ষমা প্রার্থনা করলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদারও মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’ প্রসঙ্গত, আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্রের দাম ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।