মুচলেকা দিয়ে মুক্তি পেল উত্ত্যক্তকারীরা
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত নয় কিশোর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে।
গতকাল রোববার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মুচলেকা নেওয়া হয়। এ সময় সেখানে শিক্ষক, জনপ্রতিনিধি, ছাত্রীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দেড় শ লোক উপস্থিত ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেষ্টপুর গ্রামের ৫০-৬০ জন ছাত্রী আমকাঁঠালিয়া গ্রাম দিয়ে হেঁটে ওই বিদ্যালয়ে যায়। কয়েক মাস ধরে গ্রামের দুটি দোকানের সামনে দাঁড়িয়ে বখাটেরা তাদের উত্ত্যক্ত করছিল। এ নিয়ে ৩ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘কুষ্টিয়ায় ইভ টিজিংয়ের শিকার হচ্ছে ছাত্রীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি মীমাংসা করার জন্য এ ঘটনায় জড়িত নয়জন কিশোর ও তাদের অভিভাবকদের মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান গতকাল তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। ইউএনও বলেন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাস ও মুচলেকা পেয়ে উত্ত্যক্তকারীদের ছেড়ে দেওয়া হয়েছে।