মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমেকা ও কায়সার হামিদ
নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা ইজিওগোর ও বাংলাদেশের কায়সার হামিদকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বৈধ অস্ত্র অবৈধভাবে রাখার অভিযোগে গত সোমবার রাতে গুলশান থানা পুলিশ তাঁদের আটক করে। গুলশান থানার অপারেশন কর্মকর্তা জাভেদ মাসুদ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর একটার দিকে কায়সার হামিদ ও এমেকাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকায় তাঁরা বলেছেন, তদন্ত-সংশ্লিষ্ট বা অন্য কোনো প্রয়োজনে তাঁরা থানায় এসে হাজির হবেন। এমেকার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি কায়সার হামিদের। বৈধ কাগজপত্র দেখানোয় অস্ত্র ও গুলি ফেরত দেওয়া হয়েছে। গত সোমবার রাতে এমেকা গুলশান-২ নম্বরের হোটেল ওয়েস্টিনে ঢোকার সময় স্ক্যানিংয়ে সঙ্গে থাকা একটি রিভলবার ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে এমেকা জানান, রিভলবারটি কায়সার হামিদের। এরপর এমেকাকে গুলশান থানায় নেওয়া হয়। সেখানে কায়সার হামিদকেও ডেকে পাঠায় পুলিশ।