মাদারীপুরের শিবচরে উপজেলা পর্যায়ের হাউজিং প্রকল্পের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল শনিবার দুই ঠিকাদারসহ তিনজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই হাউজিং প্রকল্প বাস্তবায়ন করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য শিবচর পৌর এলাকার নলগোড়া ও ঠেঙ্গামারা মৌজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হাউজিং প্রকল্পের কাজ শুরু করে। নীলয় এন্টারপ্রাইজ ও সীমা ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে মাটি ভরাটের কাজ পায়। গত ১০ ডিসেম্বর গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আ. মান্নান খান এই কাজের উদ্বোধন করেন। সময় বাড়ানোর পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারির মধ্যে মাটি ভরাটের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১০ শতাংশ কাজও শেষ হয়নি।স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী গতকাল হাউজিং প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কাজ শেষ না হওয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠক থেকে মাটি ভরাটের কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের নির্দেশ দেওয়া হয়।পুলিশ নীলয় এন্টারপ্রাইজের শাহিদুর রহমান, সীমা ট্রেডার্সের শাহীন আলম ও বালু ব্যবসায়ী চুন্নু মিয়াকে আটক করে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হুইপ নূর-ই-আলমের নির্দেশে তিন মাসের সময় দিয়ে মুচলেকা নিয়ে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, কাজে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কাজ শেষ করতে না পারলে প্রয়োজনে নতুন ঠিকাদারকে কাজ দেওয়া হবে।