ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় ১৮ যুবককে আটকের পর মুচলেকা আদায় করে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরে রাতে আটক যুবকদের অভিভাবকদেরও থানায় ডাকা হয়।
অভিভাবকদের উপস্থিতিতে ওই যুবকদের সতর্ক করে পুলিশ। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে তাঁরা আর জড়িত হবেন না—এমন মুচলেকা আদায় করে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সাতকানিয়া থানার এসআই মো. রুবেল মিয়া বলেন, উপজেলার কয়েকটি বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার বিষয়টি পুলিশের নজরে আসে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ছুটির সময়ে সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ অবস্থান নেয়। ওই সময় ছাত্রীদের উত্ত্যক্ত করতে দেখে ১৮ যুবককে আটক করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ওই যুবকেরা অঙ্গীকার করেছেন, তাঁরা এ ধরনের কাজ আর করবেন না। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।