মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ২৪ পাথরশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল শনিবার নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে ভারী মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৫টি নৌকা ও সাতটি ভারী মেশিন জব্দ করে ধ্বংস করেন। এ সময় ২৪ জন পাথরশ্রমিককে আটক করা হয়। পরে তাঁরা মুচলেকা দিয়ে ছাড়া পান।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিমলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়।
বিজিবি ৭ ব্যাটালিয়নের নবীনগর বিওপি ক্যাম্পের সুবেদার মোবাশ্বের খান বলেন, আইন অমান্য করে তিস্তা নদী থেকে ভারী মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করছে একটি চক্র। এমন অভিযোগে গতকাল মিল্টন চন্দ্র রায়ের নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদীর বার্ণির ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছোট-বড় ১৫টি নৌকা, উচ্চক্ষমতাসম্পন্ন ৭টি শ্যালোমেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিকেলে নদীর বার্ণির ঘাট এলাকায় ওই নৌকা, মেশিন ও যন্ত্রপাতি ভেঙে ও আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় আটক হওয়া ২৪ জন পাথরশ্রমিক মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে চলতি বর্ষায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের চার গ্রামের দুই হাজার পরিবারের ঘরবাড়ি, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আটটি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়। এ ছাড়া হুমকিতে পড়েছে ওই ইউনিয়নের চড়খড়িবাড়ি বিজিবি ক্যাম্প।
চড়খড়িবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার নিজাম উদ্দীন বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ক্যাম্পের যাবতীয় কার্যক্রম আনন্দবাজার এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায় বলেন, জব্দ করা ১৫টি নৌকার মধ্যে ৪টির মালিককে শনাক্ত করা গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।