মুচলেকা দিয়ে জামিন পেলেন রিড ফার্মার মালিক
ভেজাল প্যারাসিটামল পানে শিশুমৃত্যুর ঘটনার মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন রিড ফার্মাসিউটিক্যালসের মালিক মিজানুর রহমান ও তাঁর স্ত্রী শিউলি রহমান। আজ রোববার ঢাকার ড্রাগ আদালতের বিচারক আতোয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করলে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন দেন আদালত।
ওই আদালতের পেশকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশে ওই দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
এর আগে গত ৯ মার্চ হাইকোর্ট এই মামলার আসামিদের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান গত বছরের ২৮ নভেম্বর এই মামলার রায়ে রিড ফার্মার মালিকসহ পাঁচজনকে খালাস দেন। তাঁরা হলেন প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, তাঁর স্ত্রী ও রিড ফার্মার পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
পাঁচজনের খালাসের রায়ের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।
২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ সেবন করে দেশে ২৮টি শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে কোম্পানিটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ২০১১ সালের ৯ মার্চ ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।