মুচলেকা নিয়ে মালামাল যুবলীগের নেতাকে ফেরত দেবে পুলিশ
সংসদ সদস্য ভবনের (এমপি হোস্টেল) একটি কক্ষে যুবলীগের নেতার ব্যবসায়িক কার্যালয় থেকে জব্দ করে নেওয়া মালামাল তাঁকে ফেরত দেবে শেরেবাংলা নগর থানার পুলিশ। এখান থেকে ফেনসিডিলের খালি বোতলসহ বেশ কিছু মাল জব্দ করা হলেও এ বিষয়ে গতকাল শুক্রবার পর্যন্ত সংসদ সচিবালয় বা পুলিশ কেউই মামলা করেনি।
যুবলীগের নেতা আবু সাদেক সংসদ সদস্য ভবনের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) কক্ষের অর্ধেকটা দখল করে দেড় বছর ধরে তাঁর ব্যবসায়িক কার্যালয় খুলে বসেছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শেরেবাংলা নগর থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে কার্যালয়টি অপসারণ করে। যুবলীগের নেতা সাদেক তখন সেখানে ছিলেন না। পুলিশ চেয়ার, টেবিল, সাতটি খালি ফেনসিডিলের বোতল, ঠিকাদারি ব্যবসার বেশ কিছু ফাইলপত্রসহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদ ও নেতার সঙ্গে তোলা যুবলীগের নেতা আবু সাদেকের ছবিসংবলিত বাঁধাই করা বোর্ডও জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় রুবেল নামের এক যুবককে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে এ নিয়ে থানায় কোনো মামলা করা হয়নি। থানায় জব্দ করে আনা সাদেকের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল মুচলেকা নিয়ে ফেরত দেওয়া হবে। খালি ফেনসিডিলের বোতল উদ্ধারের ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, খালি বোতল উদ্ধারের ঘটনায় মামলা হয় না।