মুচলেকা নিয়ে হিজবুত তাহরীরের দুই কর্মীকে ছেড়ে দিয়েছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে আপত্তিকর প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার হওয়া হিজবুত তাহরীরের দুই সদস্যকে সন্ত্রাস দমন আইনে তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। তবে একই দিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে কাওলা এলাকা থেকে আটক হওয়া নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী এই সংগঠনটির দুই সদস্যকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় র‌্যাব।হিজবুত তাহরীর গতকাল শনিবার সংবাদপত্রে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেছে, শুক্রবার সরকারবিরোধী প্রচারপত্র বিলির সময় রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে থেকে সংগঠনটির পাঁচ কর্মী এবং সিলেট থেকে দুই কর্মীকে র‌্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। আর মিরপুরে প্রচারপত্র বিলির সময় তাঁদের এক কর্মীকে আওয়ামী লীগের কর্মীরা বেধড়ক মারধর করেছেন।পল্টন থানার সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে আপত্তিকর প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধ সংগঠনটির সদস্য নাদের জামিলকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন বলেন, নাদের জামিলের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের ৮ (৯)/১৩ ধারায় মামলা করা হয়েছে। নাদেরের বাসা মিরপুর ১০ নম্বর সেকশনের ২১ নম্বর সড়কে।একই দিন বনানী জামে মসজিদের সামনে গ্রেপ্তার হওয়া আরেক হিজবুত তাহ্রীর সদস্য নওয়াত আশেকীনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠায় পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে শুক্রবার জুমার নামাজের পরপর কাওলা এলাকায় সিভিল এভিয়েশন কোয়ার্টারের মসজিদের সামনে ‘ভারত-মার্কিনীদের দালাল, পিলখানা হত্যাকাণ্ডের সহযোগী শেখ হাসিনা ও তাঁর সরকারকে অপসারণ করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করুন’ শিরোনামে একই প্রচারপত্র বিলিকালে নিষিদ্ধ সংগঠনটির দুজন সদস্য শওকত জামিল ও আহসানউল্লাহকে হাতেনাতে আটক করেন র‌্যাবের সদস্যরা। গতকাল মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, তাঁরা হিজবুত তাহরীরের কাউকে শুক্রবার আটক করেননি।তবে আটক শওকত জামিলের মা আনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনসেটটি তাঁর ভাই মো. মহসিনকে ধরিয়ে দেন। মহসিন প্রথম আলোকে বলেন, আনোয়ারা বেগমের কাছ থেকে মুচলেকা নিয়ে শওকত জামিলকে র‌্যাব ছেড়ে দিয়েছে। মুচলেকায় আনোয়ারা বেগম অঙ্গীকার করেন, ভবিষ্যতে তাঁর ছেলে আর হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত হবেন না। প্রয়োজনে র‌্যাবের কর্মকর্তারা ডেকে পাঠালে শওকত হাজির হবেন।শওকত জামিল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আর আহসানউল্লাহ বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র।