মুচলেকায় মুক্তি পেল তিন স্কুলছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে তিন স্কুলছাত্র। গতকাল রোববার সকালে পুলিশ তাদের থানাহাজত থেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়। শনিবার রাতে মাদক সেবন করা অবস্থায় টহলরত পুলিশ তাদের আটক করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, গতকাল সকালে ওই তিন ছাত্র নিজেদের সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে থানায় মুচলেকা দেয়। পরে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পুতুল মহন্ত জানান, ওই তিনজনকে উপজেলার কেল্লাপোষী মেলার একটি বটগাছের নিচে গাঁজা সেবনকালে আটক করা হয়। এরপর তাদের থানাহাজতে রাখা হয়। ওই দিন রাত একটার পর ওই তিন ছেলের অভিভাবকেরা থানায় আসেন। তাঁরা নিশ্চিত করেন আটক ছেলেরা স্থানীয় কেল্লা উচ্চবিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে মোকছেদুল সপ্তম এবং মিন্টু ও সোহেল অষ্টম শ্রেণির ছাত্র।
অভিভাবকদের মধ্যে চান মিয়া জানান, কেল্লাপোষী মেলার পাশেই তাঁদের বাড়ি। তাঁরা বুঝতেও পারেননি ছেলেরা মাদক সেবন করে। এখন ছেলেদের মাদক সেবনের পথ থেকে ফিরিয়ে আনার জন্য তারা ব্যবস্থা নেবেন।