মুছ মাছে লাখপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে গত শনিবার বিকেলে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ হাজার ৫৭২টি ‘গুইজ্জা’ মাছ বা ‘মুছ’ মাছ। প্রতিটি মাছের ওজন তিন থেকে সাড়ে তিন কেজি।ঢাকাসহ উত্তরাঞ্চলে ‘রিঠা মাছ’ হিসেবে পরিচিত এ মাছ বিক্রি করে নৌকার মালিক কবির আহমদ পেয়েছেন ৬১ লাখ সাত হাজার টাকা। তাঁর বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝর পাড়া এলাকার। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর একই এলাকার জেলে তজিল আহমেদ সামুদ্রিক লাল কোরাল ধরে কোটি টাকা আয় করেছিলেন। জেলেদের ভাষ্যমতে, মাছগুলো বিক্রির উদ্দেশ্যে বিকেলে স্থানীয় সৈকতে ৫৪টি স্তূপ করা হয়। পরে টেকনাফের কয়েকজন ব্যবসায়ী ভাগাভাগি করে নগদ ৬১ লাখ সাত হাজার টাকায় এগুলো কিনে নেন। জানতে চাইলে নৌকার মালিক কবির আহমদ বলেন, ‘জালে মাছ আটকা পড়ায় প্রথমে ভয় পেয়েছিলাম। পরে জাল তুলে মাছ দেখে খুশিতে আত্মহারা। এত মাছ গত ২০ বছরে একসঙ্গে কোনো নৌকায় ধরা পড়েনি।’এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, সম্ভবত দল বেঁধে চলার সময় মাছগুলো জালে আটকা পড়েছে।