মুছতে হলো নাম-ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানার জন্য কত কৌশলই না নিচ্ছেন প্রার্থীরা। ভোলা ও রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনের জন্য তেমন কিছু কৌশল অবলম্বন করেছিলেন দুই কাউন্সিলর পদপ্রার্থী। কিন্তু বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নোটিশ পেয়ে সেই কৌশল আর কাজে লাগাতে পারেননি তাঁরা।ভোলা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেতারা বেগম তাঁর ও তাঁর স্বামী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজের ছবি যুক্ত করে একটি লিফলেট ছেড়েছিলেন। এতে প্রার্থী সেতারার চেয়ে আবদুল আজিজের গুণগান বেশি লেখা হয়। বিষয়টি বিধিসম্মত না হওয়ায় নির্বাচন কার্যালয় থেকে ওই প্রার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়ে আবদুল আজিজ নিজেই গত দুই দিনে বিভিন্ন স্থানে সাঁটানো লিফলেটে নিজের ও নিজের স্ত্রীর মুখে কালি লেপে দেন। আবদুল আজিজ জানান, তফসিল ঘোষণার আগেই এ কাজটি তিনি করেছিলেন। রংপুরের বদরগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ডলি বেগম পোস্টারে নিজের পরিচয় দিতে স্বামীর নাম লিখেছিলেন। এসব পোস্টার রেলস্টেশন চত্বরসহ এলাকার বিভিন্ন স্থানে দড়িতে ঝোলানো হয়। অভিযোগ যায় উপজেলা নির্বাচন কার্যালয়ে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন পোস্টার থেকে স্বামীর নাম মুছে ফেলার নির্দেশ দেন। বাধ্য হয়ে বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার নামিয়ে স্বামীর নামটি কালো কালিতে মুছে দিয়ে আবার ঝুলিয়ে দেওয়া হয়।রেলস্টেশন চত্বরে ঝুলানো ওই প্রার্থীর পোস্টারে স্বামীর নাম কালো কালিতে মুছে ফেলতে দেখে পথচারী এনামুল হক (৪০) বলেন, ‘ভোটে স্বামীকেও না!’ আবু সুফিয়ান বলেন, ‘আচরণবিধিমালা না জানার কারণে ওই ভুল হয়েছিল।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নির্বাচনী পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারও নাম বা ছবি ছাপানো যায় না।